বিনোদন ডেস্ক
ঢাকা: মিস ইউনিভার্স ২০২৬ প্রতিযোগিতার চূড়ান্ত আসরে আবারও হতাশ হতে হলো ভারতকে। সেরা ৩০-এ জায়গা করে নিলেও শেষ পর্যন্ত সেরা ১২-এর দৌড় থেকে ছিটকে পড়েছেন ভারতের প্রতিনিধি ১৯ বছর বয়সী কাজিয়া লিজ মেজো। আইন বিভাগের এই শিক্ষার্থী এবারের আসরে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করছিলেন।
এবারের আসরে সেরা ১২-এ জায়গা করে নিয়েছেন পুয়ের্তো রিকো, চিলি, ডমিনিকান রিপাবলিক, যুক্তরাষ্ট্র, নিউজিল্যান্ড, কিউবা, ফিলিপাইন, কলম্বিয়া, নিকারাগুয়া, ভেনেজুয়েলা, গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র ও ফ্রান্সের প্রতিযোগীরা।
গত আগস্টে ৫২ জন প্রতিযোগীকে পেছনে ফেলে ‘মিস ইউনিভার্স ইন্ডিয়া ২০২৬’-এর মুকুট জিতেছিলেন কেরালার প্রথম প্রতিনিধি কাজিয়া লিজ মেজো। নভেম্বরের শুরুতে ডিজাইনার সামন্ত চৌহানের নকশা করা ১ লাখ ৪০ হাজার রুপি মূল্যের একটি শাড়ি পরে পুয়ের্তো রিকোর মূল মঞ্চে অংশ নিতে রওনা হয়েছিলেন তিনি।
ভারতের প্রতিনিধি হিসেবে স্যাশ পরার পর সামাজিক মাধ্যমে আবেগঘন বার্তায় কাজিয়া লিখেছিলেন, বছরের পর বছর লালন করা স্বপ্ন, আনন্দ, সংশয়, অশ্রু ও ঘামের প্রতিটি মুহূর্ত তাকে এই পর্যায়ে নিয়ে এসেছে। তিনি তার সবটুকু উজাড় করে দেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছিলেন।
প্রতিযোগিতার প্রতিটি ধাপে নিজের শেকড় ও সংস্কৃতিকে তুলে ধরেন কাজিয়া। ব্যক্তিগত সাক্ষাৎকার পর্বে কেরালার ঐতিহ্যবাহী কাসাভু শাড়ির অনুপ্রেরণায় তৈরি গাউন ও পূর্বসূরিদের গয়না পরে প্রশংসা কুড়ালেও শেষ পর্যন্ত চূড়ান্ত ১২-তে জায়গা ধরে রাখতে পারেননি তিনি।
বাংলাফ্লো/এম এইচ এইচ











