তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকা: আপনার মোবাইল ফোন কিংবা ব্যাংক হিসাবের পাসওয়ার্ডও কি ‘১২৩৪৫৬’? সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নর্ডপাস সম্প্রতি ৪৪টি দেশের শীর্ষ ২০০টি সর্বাধিক প্রচলিত পাসওয়ার্ডের ওপর তাদের বার্ষিক গবেষণার ষষ্ঠ কিস্তি প্রকাশ করেছে, যেখানে বিশ্বজুড়ে মানুষের দুর্বল পাসওয়ার্ড ব্যবহারের ঝুঁকিপূর্ণ চিত্র উঠে এসেছে। গবেষণায় দেখা গেছে, সাইবার অপরাধ বাড়লেও এখনো কোটি কোটি মানুষ অত্যন্ত সহজ ও অনুমানযোগ্য পাসওয়ার্ড ব্যবহার করে নিজেদের তথ্য ঝুঁকির মুখে ফেলছেন।
নর্ডপাসের তালিকা অনুযায়ী, বিশ্বজুড়ে সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের শীর্ষে রয়েছে ‘১২৩৪৫৬’, ‘অ্যাডমিন’, ‘১২৩৪৫৬৭৮’ এবং ‘১২৩৪’। এ ছাড়া ষষ্ঠ থেকে দশম অবস্থানে রয়েছে যথাক্রমে ‘১২৩৪৫’, ‘পাসওয়ার্ড’, ‘এএ১২৩৪৫’, ‘পাসএট১২৩’ এবং ‘১২৩৪৫৬৭৮৯০’। ভারতের ক্ষেত্রেও ৮ লাখ ৭২ হাজার ৫১৫ জন ব্যবহারকারী নিয়ে শীর্ষে রয়েছে ‘১২৩৪৫৬’ এবং ‘ওয়েলকামএট১২৩’ পাসওয়ার্ডটিও সেখানে বেশ জনপ্রিয়।
এবারের গবেষণায় পাসওয়ার্ডের ধাঁচের সঙ্গে জনপ্রিয় সংস্কৃতি, সংগীত ও বিনোদন জগতের সম্পর্কও খতিয়ে দেখা হয়েছে। ২০০০ সালের আগের সময়ে ‘কার্লসাগান১’ এবং ২০০০ ও ২০১০-এর দশকে অ্যানিমে ও ভিডিও গেমভিত্তিক ‘সাসুকে২০’ ও ‘মাইনক্রাফট’-এর মতো পাসওয়ার্ডের প্রবণতা দেখা গিয়েছিল। আর ২০২০-এর দশকে এসে মিম ও সোশ্যাল মিডিয়ার প্রভাবে ‘স্কিবিডিটয়লেট’ ও ‘টিকটক২০০২’-এর পাশাপাশি ‘জেনশিনস্টাররেইল’ ও ‘স্কুইডগেমদ্যাবেস্ট’-এর মতো পাসওয়ার্ড তালিকায় জায়গা করে নিয়েছে।
ডিজিটাল যুগে পাসওয়ার্ড ব্যক্তিগত ও আর্থিক নিরাপত্তার সবচেয়ে বড় হাতিয়ার উল্লেখ করে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, সাধারণ ও সহজ পাসওয়ার্ড ব্যবহার করলে যেকোনো সময় ব্যক্তিগত তথ্য চুরি বা ব্যাংক হিসাব ফাঁকা হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। তাই সাইবার সুরক্ষা নিশ্চিত করতে জন্মতারিখ, সাধারণ সংখ্যা বা জনপ্রিয় নামের পরিবর্তে বড় ও ছোট হাতের অক্ষর, সংখ্যা ও বিশেষ চিহ্নের সমন্বয়ে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












