অর্থনীতি ডেস্ক
ঢাকা: দেশের রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকে এক বছরে আমানত বেড়েছে ৫১ হাজার ৭০০ কোটি টাকা, অথচ একই সময়ে ঋণ বিতরণ বেড়েছে মাত্র তিন হাজার কোটি টাকা। অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের (এফআইডি) এক প্রতিবেদনে উঠে এসেছে, ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ অর্থ জমা থাকলেও তা বেসরকারি খাতের উদ্যোক্তাদের বিনিয়োগে কাজে আসছে না। কেন্দ্রীয় ব্যাংকের নির্ধারিত ঋণ-আমানত অনুপাতের (এডিআর) তুলনায় কম ঋণ বিতরণ করায় ব্যাংকগুলোর অব্যবহৃত ঋণ দেওয়ার সক্ষমতা দাঁড়িয়েছে প্রায় ১ লাখ ৪৫ হাজার কোটি টাকা।
সোনালী, জনতা, অগ্রণী, রূপালী, বেসিক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)—এই ছয় ব্যাংকের গত জুন শেষে আমানত আগের বছরের তুলনায় প্রায় ১১ শতাংশ বাড়লেও ঋণ বেড়েছে ১ শতাংশেরও কম। ২০২৫ সালের ডিসেম্বর শেষে ব্যাংকগুলোর মোট ঋণ ছিল ৩ লাখ ২৮ হাজার ৮০৬ কোটি টাকা, যা চলতি বছরের জুন শেষে কমে দাঁড়িয়েছে প্রায় ৩ লাখ ২২ হাজার ৭০০ কোটি টাকায়।
বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রচলিত ধারার ব্যাংকগুলো সর্বোচ্চ ৮৫ শতাংশ এডিআর রাখতে পারে। কিন্তু রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের সম্মিলিত এডিআর প্রায় ৬০ শতাংশে নেমে এসেছে—যার মধ্যে সোনালী ব্যাংকের সবচেয়ে কম ৪৮ শতাংশ এবং জনতা ব্যাংকের সর্বোচ্চ ৮১ শতাংশ।
অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাসের বখতিয়ার জানান, বিনিয়োগ মন্দা, অর্থনৈতিক অনিশ্চয়তা, উচ্চ সুদহার এবং গ্যাস-বিদ্যুতের সরবরাহ সংক্রান্ত অনিশ্চয়তার কারণে উদ্যোক্তারা নতুন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন। এ ছাড়া ঋণ দেওয়ার ক্ষেত্রে কর্মকর্তাদের মধ্যে জবাবদিহির আশঙ্কাও কাজ করছে বলে তিনি উল্লেখ করেন।
অন্যদিকে সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক নাজনীন আহমেদ মনে করেন, দ্রুত সেবা ও নমনীয়তার কারণে বড় ব্যবসায়ীরা বেসরকারি ব্যাংকের দিকে ঝুঁকছেন, তাই রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর দক্ষতা বাড়ানো প্রয়োজন। এদিকে উৎপাদন ও কর্মসংস্থান বাড়াতে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারেক সিএমএসএমই, কৃষক, নারী ও নতুন উদ্যোক্তাদের মধ্যে আয় সৃষ্টিকারী খাতে ঋণ বিতরণ বাড়ানোর নির্দেশ দিয়েছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ









