জাতীয় ডেস্ক
ঢাকা: রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিনকে (২৪) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ডিএমপির ওয়ারী গোয়েন্দা বিভাগের একটি আভিযানিক দল মোহাম্মদপুর থানার লালমাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে বলে ডিবি সূত্রে জানা গেছে।
ডিবি সূত্র জানায়, গ্রেপ্তারকৃত মুনতারিন ফেরদৌস ডরিনের স্থায়ী ঠিকানা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এবং তাঁর বর্তমান ঠিকানা রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকার ১/১২, ব্লক-সি। তবে ঠিক কোন মামলায় এবং কখন তাঁকে গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে এখনো সুনির্দিষ্ট কোনো তথ্য জানায়নি ডিবি।
২০২৪ সালের মে মাসে ভারতে গিয়ে তাঁর বাবা সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার নিখোঁজ ও হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর গণমাধ্যমে আলোচনায় আসেন ডরিন। সে সময় বাবার নিখোঁজ হওয়া ও পরবর্তীতে হত্যাকাণ্ডের বিচার দাবিতে বিভিন্ন সময় গণমাধ্যমে বক্তব্য দিয়ে সরব ছিলেন তিনি।
গ্রেপ্তারের পর বর্তমানে মুনতারিন ফেরদৌস ডরিনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট গোয়েন্দা পুলিশ সূত্রে জানানো হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ










