বিনোদন ডেস্ক
ঢাকা: দীর্ঘ পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করছেন জনপ্রিয় টিভি উপস্থাপক ও অভিনেত্রী সামিয়া আফরিন। এর আগে কোলন ক্যানসার জয় করে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন তিনি। তবে সম্প্রতি তাঁর শরীরে আবারও ক্যানসার বাসা বেঁধেছে। নতুন করে জরায়ুর ক্যানসারে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী। রোববার (২৩ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে দুঃসংবাদটি জানিয়েছেন সামিয়া নিজেই।
সামিয়া তাঁর পোস্টে জানান, আজ থেকে প্রায় তিন মাস আগে তাঁর শরীরে নতুন করে ক্যানসারের জীবাণু ধরা পড়ে। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত তাঁর অস্ত্রোপচার করতে হয়। পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকেরা জানান, এটি ‘হাই-গ্রেড কার্সিনোমা’। যে কারণে চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তাঁকে নিয়মিত কেমোথেরাপির মধ্য দিয়ে যেতে হচ্ছে।
প্রথম দফায় ক্যানসার শনাক্ত হওয়ার পর সামিয়াকে কেমোথেরাপি নিতে হয়নি। সে সময় ইমিউনোথেরাপির মাধ্যমেই তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে সামিয়া লেখেন, “গত পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে যুদ্ধ করছি। প্রথমবার কেমো নিতে হয়নি, ইমিউনোথেরাপির মাধ্যমে চিকিৎসা চলেছিল। এবারের অভিজ্ঞতা তাই আমার কাছে একটু অন্যরকম। ডাক্তার বলেছেন, ‘কেমোর কারণে চুল পড়ে যেতে পারে।’ তাই বিষয়টি নিয়ে মন খারাপ না করে, বরং হাসিমুখে তা মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সবকিছু নিয়ে মন খারাপ করে তো লাভ নেই। সময়ের সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারাটাই আসল।”
কেমোর প্রভাবে চুল পড়ার আগেই নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে নতুন করে চুল ছেঁটে ফেলেছেন তিনি। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘আজ নিজেই সিদ্ধান্ত নিয়ে নতুন হেয়ারকাট করলাম। জানি, হয়তো কিছুদিন পর চুল পড়ে যাবে। কিন্তু তার আগেই নিজের নতুন লুকটাকে সেলিব্রেট করে নিজেকে একটু মোটিভেট করতে চাইলাম। আমার এই জার্নির ছোট একটি ক্লিপ শেয়ার করলাম। যারা এই পথের মধ্য দিয়ে গেছেন, তারাই জানেন—এই লড়াইটা কতটা কঠিন। আমি সত্যি চাই না, আমার কাছের কোনো মানুষকে কখনও এমন একটা জার্নির মধ্য দিয়ে যেতে হোক।’
সবশেষে নিজের দ্রুত সুস্থতার জন্য অনুরাগীদের কাছে দোয়া প্রার্থনা করেছেন এই উপস্থাপিকা। তিনি লেখেন, ‘সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন সবকিছু সহজ করে দেন। আগেরবারের মতো এবারও যেন আমার শক্তিটা ধরে রাখতে পারি। খুব শিগগিরই স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে যেতে পারি। দোয়ায় রাখবেন।’
বাংলাফ্লো/এম এইচ এইচ












