বিনোদন ডেস্ক
ঢাকা: বক্স অফিসে নতুন ইতিহাস গড়েছে টম হল্যান্ড অভিনীত নতুন সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। ডেস্টিন ড্যানিয়েল ক্রোটন পরিচালিত এই সিনেমাটি মুক্তির প্রথম সাত দিনেই শুধু উত্তর আমেরিকার বাজারেই ৫০ কোটি মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার কোটি টাকা) আয়ের মাইলফলক ছাড়িয়ে গেছে। বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য হলিউড রিপোর্টার’-এর প্রতিবেদন অনুযায়ী, বক্স অফিসের ইতিহাসে এটিই সবচেয়ে দ্রুততম সময়ে ৫০ কোটি ডলার ছোঁয়ার রেকর্ড। এর আগে ২০১৯ সালে মুক্তির ৮ দিনে এই মাইলফলক স্পর্শ করে রেকর্ডটি নিজেদের দখলে রেখেছিল ‘অ্যাভেঞ্জার্স: এন্ডগেম’।
রেকর্ড ভাঙার এই দৌড়ে ‘এন্ডগেম’-এর আরও একটি বড় রেকর্ড নিজেদের পকেটে পুরেছে নতুন এই ‘স্পাইডার-ম্যান’। উত্তর আমেরিকার বাজারে প্রথম সপ্তাহান্তেই (ওপেনিং উইকেন্ড) ৩৬ কোটি ডলার আয় করেছে সিনেমাটি, যেখানে ‘এন্ডগেম’-এর আয় ছিল ৩৫ কোটি ৭১ লাখ ডলার। শুধু তাই নয়, বিশ্বজুড়ে মাত্র ছয় দিনেই ১০০ কোটি ডলার (১ বিলিয়ন) ক্লাবে প্রবেশ করেছে এটি, যা ‘এন্ডগেম’-এর পর দ্বিতীয় দ্রুততম শতকোটি ডলার আয়ের রেকর্ড। এছাড়া বৃহস্পতিবারের প্রিভিউ শো, শুক্রবারের সর্বোচ্চ আয় এবং সোম ও মঙ্গলবার উত্তর আমেরিকার বক্স অফিসে সর্বকালের সেরা আয়ের নতুন রেকর্ডও এখন এই সিনেমার দখলে।
মার্ভেল স্টুডিওস ও প্রযোজক অ্যামি পাসকালের যৌথ উদ্যোগে ২২ কোটি ৫০ লাখ ডলার (প্রায় ২ হাজার ৭০০ কোটি টাকা) বাজেটে নির্মিত হয়েছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। সিনেমাটিতে টম হল্যান্ড ও জেনডায়ার পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন স্যাডি সিঙ্ক, জ্যাকব বাটালন, জন বার্নথাল ও মার্ক রাফালো। কমিকসের জনপ্রিয় চরিত্র স্পাইডার-ম্যানের প্রিয়জনহীন নিঃসঙ্গ জীবন এবং এক অদৃশ্য শত্রুর মুখোমুখি হওয়ার গল্প ঘিরেই আবর্তিত হয়েছে এর কাহিনি।
সিনেমাটির এমন অভাবনীয় সাফল্য প্রসঙ্গে হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে সনি পিকচার্সের প্রধান টম রথম্যান কেন্দ্রীয় জুটি টম হল্যান্ড ও জেনডায়ার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, তারা শুধু এমনি এমনি জনপ্রিয় নন, তাদের মেধা ও কঠোর পরিশ্রমই তাদের এই জায়গায় নিয়ে এসেছে। তারা অত্যন্ত বিনয়ী ও মাটির মানুষ এবং কঠোর পরিশ্রমে বিশ্বাসী বলেই এই সাফল্য তাদের অর্জিত পাওনা।
বাংলাফ্লো/এম এইচ এইচ












