বিনোদন ডেস্ক
ঢাকা: দীর্ঘ ১৫ মাস লন্ডনে ক্যানসারের চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বরেণ্য চিত্রনায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। মরণব্যাধি ক্যানসার তার শরীরকে বেশ দুর্বল করে দিয়েছে, এলোমেলো করে দিয়েছে অনেক স্মৃতিও। অনেক কথাই এখন তিনি মনে করতে পারেন না। তারপরও যার সঙ্গেই দেখা হচ্ছে, হাসিমুখে কাছে টেনে নিচ্ছেন এবং নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাইছেন।
শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে নিসচার ১১তম মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেন এই অভিনেতা। সেখানে নিজের শারীরিক অবস্থার কথা জানানোর পাশাপাশি নিরাপদ সড়ক আন্দোলনের ভবিষ্যৎ নিয়ে আবেগঘন বক্তব্য দেন তিনি। ইলিয়াস কাঞ্চন বলেন, “অসুস্থতার কারণে আগের মতো সক্রিয় থাকতে পারছি না। আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম। আমি না থাকলেও আপনারা নিরাপদ সড়ক বাস্তবায়নে ভূমিকা রাখবেন।”
আন্দোলনের দীর্ঘ পথচলার কথা স্মরণ করে তিনি বলেন, “৩১ বছর আগে ব্যক্তিগত জীবনের গভীর এক বেদনাকে মানুষের জীবন রক্ষার আন্দোলনে রূপ দিয়েছিলাম। আজ এটি আর ইলিয়াস কাঞ্চনের বা কোনো নির্দিষ্ট সংগঠনের আন্দোলন নয়, এটি দেশের মানুষের আন্দোলনে পরিণত হয়েছে।” নিরাপদ সড়ক প্রতিষ্ঠার লক্ষ্যে সরকার, প্রশাসন, পরিবহন মালিক-শ্রমিক, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমসহ দেশের প্রতিটি সচেতন নাগরিককে এই আন্দোলনের সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। তিনি জোর দিয়ে বলেন, নিরাপদ সড়কের দাবিতে যারা কাজ করছেন, তারা কেউ কারও প্রতিপক্ষ নন; বরং সবাই মানুষের জীবন রক্ষার সহযোদ্ধা।
উল্লেখ্য, ১৯৯৩ সালের ২২ অক্টোবর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় স্ত্রী জাহানারা কাঞ্চনকে হারানোর পর নিরাপদ সড়কের দাবিতে আন্দোলন শুরু করেন ইলিয়াস কাঞ্চন, যা এখন একটি জাতীয় আন্দোলনে রূপ নিয়েছে। শুক্রবারের এই মহাসমাবেশে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সড়ক ও যোগাযোগ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিবসহ নিসচার নেতাকর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












