জেলা প্রতিনিধি সিলেট: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ১৬ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রকে অনৈতিক কর্মকাণ্ড ও যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক মসজিদের ইমাম তথা মাদ্রাসা শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই অভিযুক্ত ওই ইমাম আত্মগোপনে চলে গেছেন বলে জানা গেছে।
অভিযুক্ত ব্যক্তির নাম হাফেজ মুফতি নোমান বিন রব্বানী (৩৫)। তিনি উপজেলার বটেরতল গ্রামের গোলাম রব্বানীর ছেলে এবং শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজ জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। পাশাপাশি তিনি দারুল আরক্বাম ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক এবং স্থানীয় বিভিন্ন ধর্মীয় সংগঠনের গুরুত্বপূর্ণ পদে দায়িত্বশীল ছিলেন।
ভুক্তভোগী ওই শিক্ষার্থী জানায়, গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় মসজিদে গেলে অভিযুক্ত শিক্ষক তাকে নিজের বাড়িতে থাকার জন্য দাওয়াত দেন। রাতে ওই শিক্ষকের বাড়িতে অবস্থানকালে পেটে ব্যথার কথা বলে মালিশ করিয়ে নেওয়ার একপর্যায়ে তাকে অনৈতিক কর্মকাণ্ডে বাধ্য করা হয়। বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকিও দেওয়া হয়। পরদিন সকালে বাড়িতে ফিরে কিশোরটি তার পরিবারের কাছে পুরো বিষয়টি প্রকাশ করে।
ঘটনার পর কান্নাজড়িত কণ্ঠে ভুক্তভোগী শিক্ষার্থীর মা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ বিষয়ে শহীদ স্মৃতি টুকেরবাজার উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জানান, লিখিত অভিযোগ পাওয়ার সাপেক্ষে যথাযথ প্রাতিষ্ঠানিক ব্যবস্থা গ্রহণ করা হবে। অন্যদিকে কোম্পানীগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং আনুষ্ঠানিকভাবে অভিযোগ পেলে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ











