স্পোর্টস ডেস্ক
ঢাকা: বিশ্বকাপজয়ী স্প্যানিশ মিডফিল্ডার রদ্রিকে দলে ভেড়াতে চায় লা লিগার অন্যতম শীর্ষ ক্লাব বার্সেলোনা। এই তারকা খেলোয়াড়ের জন্য ম্যানচেস্টার সিটিকে ৩৮.৫ মিলিয়ন পাউন্ড (প্রায় ৫২ মিলিয়ন ডলার) প্রস্তাব দিয়েছিল কাতালান ক্লাবটি। তবে বার্সার সেই প্রথম প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি।
বিভিন্ন সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রদ্রিকে ছাড়তে সিটিজেনরা রাজি থাকলেও তাদের চাওয়া প্রায় ৬৮ মিলিয়ন পাউন্ড। ৩০ বছর বয়সি এই মিডফিল্ডারের সঙ্গে সিটির বর্তমান চুক্তির মেয়াদ বাকি রয়েছে আর মাত্র এক মৌসুম। তাই চলতি গ্রীষ্মের দলবদলে তার ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা চলছে। দীর্ঘদিন ধরে রিয়াল মাদ্রিদকে রদ্রির সম্ভাব্য গন্তব্য হিসেবে ধরা হলেও, এখন দৌড়ে অনেকটা এগিয়ে রয়েছে বার্সেলোনা।
২০১৯ সালে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন রদ্রি। কোচ পেপ গার্দিওলার অধীনে একাধিক প্রিমিয়ার লিগ শিরোপার পাশাপাশি ২০২৩ সালে চ্যাম্পিয়ন্স লিগও জিতেছেন তিনি। এরপর ২০২৪ সালে স্পেনের হয়ে ইউরো চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি জেতেন মর্যাদাপূর্ণ ব্যালন ডি’অর। গুরুতর হাঁটুর চোটের কারণে ২০২৪-২৫ মৌসুমের বড় একটি সময় মাঠের বাইরে থাকতে হয়েছিল তাকে।
তবে উত্তর আমেরিকায় অনুষ্ঠিত সর্বশেষ বিশ্বকাপে দুর্দান্তভাবে মাঠে প্রত্যাবর্তন করেন রদ্রি। স্পেনকে বিশ্বকাপ শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি টুর্নামেন্টসেরার পুরস্কারও নিজের করে নেন এই স্প্যানিশ মহাতারকা।
বাংলাফ্লো/এম এইচ এইচ










