জেলা প্রতিনিধি
বরিশাল: পরিত্যক্ত খালের জমে থাকা বর্জ্য ও ময়লা পরিষ্কার করতে নেমে কাদায় আটকে গেলেন বরিশালের উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। এ সময় পাশে থাকা বিডি ক্লিনের স্বেচ্ছাসেবীরা দ্রুত এগিয়ে এসে তাঁকে টেনে তোলেন। তবে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতেও বিন্দুমাত্র দমে যাননি তিনি; শরীর থেকে কাদা মুছে একটু পরেই আবারও উদ্যম নিয়ে নেমে পড়েন ময়লা-আবর্জনায় ভরা খাল পরিষ্কারের কাজে। একজন শীর্ষ সরকারি কর্মকর্তার এমন মানবিক ও ব্যতিক্রমী উদ্যোগে দারুণভাবে উৎসাহিত হন সঙ্গে থাকা তরুণ স্বেচ্ছাসেবীরাও।
একসময় উজিরপুর উপজেলা পরিষদসংলগ্ন প্রায় দুই কিলোমিটার দীর্ঘ এই খালটি ছিল স্থানীয় বাসিন্দাদের ফেলা ময়লা-আবর্জনার ভাগাড়। দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে অতিরিক্ত কচুরিপানা, প্লাস্টিকের বোতল, পলিথিনসহ স্তূপীকৃত বর্জ্যে বন্ধ হয়ে গিয়েছিল পানির স্বাভাবিক প্রবাহ। খালের পচা দুর্গন্ধের কারণে পাশ দিয়ে সাধারণ মানুষের চলাচলও ছিল দুর্বিষহ। অবশেষে উপজেলা প্রশাসনের দৃঢ় উদ্যোগে সেই মৃতপ্রায় খালে ফিরতে শুরু করেছে প্রাণ ও পরিচ্ছন্নতার ছোঁয়া।
শুক্রবার (৬ নভেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত টানা পাঁচ ঘণ্টা ব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। স্বেচ্ছাসেবী সংগঠন ‘বিডি ক্লিন বরিশাল’-এর সার্বিক সহযোগিতায় এ মহতী কর্মসূচিতে ইউএনও মো. আলী সুজার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অংশ নেন শতাধিক স্বেচ্ছাসেবী, স্থানীয় তরুণ-তরুণী ও যুবসমাজের সদস্যরা। দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা টন কে টন বর্জ্য ও কচুরিপানা অপসারণের পর খালটি ফিরে পায় তার স্বাভাবিক রূপ ও জলপ্রবাহ।
পুরো কর্মসূচিতে সবচেয়ে বেশি নজর কাড়ে ইউএনওর সরাসরি মাঠে নেমে কাজ করা। বিডি ক্লিনের নির্ধারিত টি-শার্ট পরে সাধারণ কর্মীদের মতোই খালের নোংরা পানিতে নেমে বর্জ্য তোলেন তিনি। একপর্যায়ে তিনি হাঁটুকাদায় আটকে পড়ার দৃশ্য এবং পুনরায় কাজে ফেরার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সরকারি কর্মকর্তার এমন আন্তরিক জনসম্পৃক্ততা ও দায়বদ্ধতাকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।
ইউএনও মো. আলী সুজা বলেন, সরকারি বরাদ্দের অপেক্ষায় বসে না থেকে সবাই মিলে স্বেচ্ছাশ্রমে এগিয়ে এলে সমাজের বহু জটিল সমস্যার সমাধান সম্ভব। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি ও মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে রেখে সমাজ বিনির্মাণে এ ধরনের ইতিবাচক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখা অত্যন্ত জরুরি বলে তিনি মন্তব্য করেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












