আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: বাংলাদেশের আপত্তি সত্ত্বেও গত ৫ আগস্ট মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনাকে একটি প্রেস ব্রিফিংয়ে কথা বলতে দেওয়ার ঘটনায় ঢাকা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছিল। এই ঘটনার দুই দিন পর বিষয়টি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল সাংবাদিকদের প্রশ্নের জবাবে দাবি করেন, হাসিনাকে কথা বলার সুযোগ দেওয়ার ক্ষেত্রে ভারত সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই এবং তিনি বাংলাদেশ সরকারকে নিয়ে যা বলেছেন, তাতেও নয়াদিল্লির কোনো সমর্থন নেই।
রণধীর জয়সওয়াল জানান, একটি বেসরকারি মিডিয়া প্রতিষ্ঠানের আয়োজিত ওই প্রেস ব্রিফিংয়ে ভারত সরকারের কোনো অবদান বা সংশ্লিষ্টতা ছিল না। বিষয়টির পুনরুল্লেখ করে এই কূটনীতিক স্পষ্ট করেন যে, ওই প্রেস ব্রিফিংয়ে বলা কোনো কথাকেই ভারত সরকার সমর্থন করে না। বিশেষ করে বাংলাদেশের বৈধভাবে গঠিত সরকারের ব্যাপারে দেওয়া কোনো মন্তব্যের তো প্রশ্নই ওঠে না।
ওই একই দিনে হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয় মন্তব্য করেছিলেন যে, ভারতের পূর্ব দিকের অঞ্চল তথা বাংলাদেশ এখন পাকিস্তানে পরিণত হচ্ছে এবং সেখানে সন্ত্রাসবাদ বিস্তার লাভ করছে। জয়ের এই বক্তব্যের বিষয়ে ভারত কোনো পদক্ষেপ নিচ্ছে কি না বা এতে তাদের সমর্থন আছে কি না—এমন প্রশ্নের জবাবে রণধীর জয়সওয়াল বলেন, ভারত তাদের একদম পাশের প্রতিবেশীর ওপর গভীর নজর রাখে। বিশেষ করে ভারতের জাতীয় নিরাপত্তার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোর ওপর কড়া নজর রাখা হয় এবং এসব ক্ষেত্রে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ তারা নিয়ে থাকে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












