আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ৪০ বছর পর বিশ্বকাপের নকআউট পর্বে জয়ের ইতিহাস গড়েছিল মেক্সিকো। ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করার পর দেশজুড়ে যে বাঁধভাঙা উল্লাসের জোয়ার উঠেছিল, তা মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। জয়ের আনন্দ উদ্যাপনের সময় সৃষ্ট প্রচণ্ড হুড়োহুড়িতে পদদলিত ও শ্বাসরোধ হয়ে অন্তত দুজনের মৃত্যু হয়েছে।
বার্তা সংস্থা এএফপি ও রয়টার্স জানিয়েছে, ম্যাচ শেষে হাজার হাজার সমর্থক রাজধানী মেক্সিকো সিটির ঐতিহাসিক ‘অ্যাঞ্জেল অব ইনডিপেনডেন্স’ স্মৃতিস্তম্ভসংলগ্ন হামবুর্গো ও ল্যাঙ্কাস্টার স্ট্রিটে জড়ো হয়েছিলেন। অতিরিক্ত ভিড়ের মাঝেই ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা।
মেক্সিকো সিটির স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ঘটনাস্থল থেকে কয়েকজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা প্রাণপণ চেষ্টা করেও ৪৪ বছর বয়সী এক পুরুষ ও ১৯ বছর বয়সী এক তরুণীকে বাঁচাতে পারেননি। দম বন্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। তবে ‘নিউইয়র্ক টাইমস’সহ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, এই ঘটনায় নিহতের সংখ্যা তিন। মেক্সিকো সিটির পাবলিক হেলথ সেক্রেটারিয়েটের বরাত দিয়ে তারা জানিয়েছে, কোলোনিয়া জুয়ারেজ এলাকায় তিনজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়, যাদের মধ্যে ছিলেন ৪৪ বছর বয়সী এক পুরুষ এবং ১৯ ও ৪৮ বছর বয়সী দুই নারী।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, ম্যাচ শেষে ফুটতে থাকা আতশবাজির বিকট শব্দে ভিড়ের মধ্যে হঠাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে। নিরাপদে সরে যেতে মানুষ দিগ্বিদিক ছোটাছুটি শুরু করলে সরু রাস্তায় প্রচণ্ড হুড়োহুড়ির সৃষ্টি হয়। একপর্যায়ে অনেক সমর্থক পদদলিত হন এবং শ্বাসরোধের শিকার হয়ে জ্ঞান হারান।
এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মেক্সিকো সিটি সরকারের প্রধান ক্লারা ব্রুগাদা মোলিনা। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, ‘এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকবে প্রশাসন।’
বাংলাফ্লো/এফআইআর






