বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানীর মিরপুরের পাইকপাড়ায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় তিন যুবক দগ্ধ হয়েছেন। জানা গেছে, সিগারেট ধরানোর জন্য আগুন জ্বালালে এই বিস্ফোরণ ঘটে। আজ শনিবার (৬ জুন) ভোর সাড়ে ৪টার দিকে দগ্ধ অবস্থায় তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
দগ্ধ ওই তিন যুবক হলেন- মিরাজ (২৬), সুজন (২৪) ও বিপ্লব (২৪)।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আজ ভোরের দিকে মিরপুরের পাইকপাড়া এলাকায় সিগারেট খাওয়ার সময় লাইনের গ্যাস থেকে লিকেজ হয়ে এই দগ্ধের ঘটনা ঘটে।
চিকিৎসক আরও জানান, আহতদের মধ্যে মিরাজের শরীরে ১৫ শতাংশ, সুজনের ২৪ শতাংশ এবং বিপ্লবের শরীরে ১০ শতাংশ দগ্ধ হয়েছে। বর্তমানে তাদের ৩ জনকেই হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রাখা হয়েছে।
বাংলাফ্লো/এফআইআর






