আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক টানাপড়েনের মধ্যেই এবার চরম উসকানিমূলক বক্তব্য দিলেন ভারতের পশ্চিমবঙ্গ বিজেপির প্রধান ও বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী। তিনি হুমকি দিয়েছেন, আগামী জানুয়ারি মাসে ৫ লাখ হিন্দু সাধু নিয়ে কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলা চালাবেন এবং পুলিশের দেওয়া ব্যারিকেড ভেঙে ফেলবেন।
গত শুক্রবার (২৬ ডিসেম্বর) কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ শেষে বেরিয়ে সাংবাদিকদের সামনে তিনি এই হুঁশিয়ারি দেন। শুভেন্দু বলেন, “আমি স্পষ্ট বার্তা দিয়েছি, যদি বাংলাদেশের ২ লাখ হিন্দু সমস্যার সম্মুখীন হয়, আমরা বসে থাকব না। জানুয়ারিতে গঙ্গাসাগর মেলা শেষ হওয়ার পর আমি ৫ লাখ হিন্দু সাধু নিয়ে আসব এসব ব্যারিকেড ভাঙা ও বাংলাদেশ উপ-হাইকমিশনে যাওয়ার জন্য।”
সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় দিপু দাস নামের এক যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহ পোড়ানোর ঘটনাকে কেন্দ্র করে ভারতে উত্তেজনা ছড়িয়েছে। বাংলাদেশ পুলিশ জানিয়েছে, এটি কর্মক্ষেত্রের দ্বন্দ্বের জেরে ঘটা হত্যাকাণ্ড। তবে ভারতের উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলো এটিকে সাম্প্রদায়িক রং দিয়ে দিল্লি, কলকাতা, আগরতলা ও শিলিগুড়িতে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ ও হামলার চেষ্টা চালাচ্ছে। এরই জেরে বাংলাদেশ বর্তমানে ভারতীয়দের ভিসা প্রদান স্থগিত রেখেছে।
গত সপ্তাহেও বিজেপি ও বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন উপ-হাইকমিশনে হামলার চেষ্টা করেছিল। সে সময় কলকাতা পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং উপ-হাইকমিশনের নিরাপত্তা জোরদার করতে অতিরিক্ত ব্যারিকেড বসায়। শুভেন্দু অধিকারী মূলত সেই ব্যারিকেড ভেঙে ফেলারই হুমকি দিয়েছেন।
বাংলাফ্লো/এফআইআর






