বিনোদন ডেস্ক
ঢাকা: জনপ্রিয় শিশুশিল্পী সিমরিন লুবাবা মিডিয়া জগতকে চিরতরে বিদায় জানিয়েছেন। অভিনয় ও মডেলিং থেকে সরে দাঁড়িয়ে তিনি এখন থেকে পর্দায় আর মুখ না দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন। প্রখ্যাত অভিনেতা প্রয়াত আব্দুল কাদেরের নাতনি হিসেবে পরিচিত লুবাবা ইতিমধ্যে নেকাব পরা শুরু করেছেন এবং ভবিষ্যতে ইসলামি শরীয়াহ মোতাবেক জীবন যাপন করবেন বলে নিশ্চিত করেছে তার পরিবার।
লুবাবার মা জাহিদা ইসলাম জেমি গণমাধ্যমকে জানান, এটি লুবাবার একান্ত নিজস্ব সিদ্ধান্ত। তিনি বলেন, “লুবাবা আর মিডিয়ায় কাজ করতে চায় না, এজন্য সে নেকাব পরেছে। এই অবস্থায় মিডিয়ায় কাজ করা সম্ভব নয়।” জেমি আরও জানান, লুবাবা সম্প্রতি কোরআন খতম দিয়েছেন এবং নিয়মিত হাদিস ও ধর্মীয় গ্রন্থ পাঠ করছেন। ধর্মীয় পড়াশোনা ও অনুভূতির জায়গা থেকেই তার মধ্যে এই আমূল পরিবর্তন এসেছে।
লুবাবা আগামী রমজানে ওমরাহ পালন করতে মক্কা যাওয়ার পরিকল্পনা করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, এখন থেকে তিনি ধর্মীয় অনুশাসন মেনে চলবেন। তবে লুবাবা সামাজিক যোগাযোগমাধ্যমে সীমিত পরিসরে কিছু প্রচারণামূলক (Promotional) কাজে অংশ নিতে পারেন, তবে শর্ত হলো—সেসব কাজে তিনি অবশ্যই নেকাব পরিহিত অবস্থায় থাকবেন।
দাদা আব্দুল কাদেরের হাত ধরে খুব অল্প বয়সে ক্যামেরার সামনে আসা লুবাবা তার চটপটে স্বভাব ও অভিনয়ের জন্য দ্রুত জনপ্রিয়তা পেয়েছিলেন। তবে গ্ল্যামার জগত ছেড়ে এখন তিনি আধ্যাত্মিক পথের পথিক।
বাংলাফ্লো/এফআইআর






