বিনোদন ডেস্ক ঢাকা: এবারের দুর্গাপূজায় মুক্তি পেতে যাচ্ছে ওপার বাংলার নন্দিত নির্মাতা সৃজিত মুখার্জির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। আর এই সিনেমার ট্রেলার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে বিশেষ শুভকামনা ও শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন। বিগ বির এমন অমূল্য আশীর্বাদে আবেগাপ্লুত হয়ে পড়েছেন সৃজিত।
সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার) ট্রেলারটি শেয়ার করে অমিতাভ বচ্চন লেখেন, ‘দেবদাস ও পরিণীতার মতো কালজয়ী সৃষ্টির রূপকার শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে নির্মিত হয়েছে সিনেমাটি। ব্রিটিশ শাসকরা তার বিপ্লবী বই “পথের দাবী” নিষিদ্ধ করেছিল; ঔপনিবেশিক শাসনের সেই অন্যায়ের বিরুদ্ধে তার যে ঐতিহাসিক লড়াই, তা নিয়েই এই সিনেমা।’
অমিতাভের প্রশংসাসূচক পোস্ট দেখে উচ্ছ্বাস প্রকাশ করে সৃজিত মুখার্জি লিখেছেন, ‘স্যার, আপনার আশীর্বাদের জন্য অশেষ ধন্যবাদ। আমাদের পুরো টিমের কাছে এই মুহূর্তটির গুরুত্ব ও সম্মান অপরিসীম!’ এর আগে ২০২৩ সালে মৃণাল সেনের বায়োপিক ‘পদাতিক’-এর ট্রেলার শেয়ার করেও সৃজিতকে শুভকামনা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। আগামী ১৫ অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘এম্পারর ভার্সেস শরৎচন্দ্র’। এতে শরৎচন্দ্রের চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী এবং অন্যান্য চরিত্রে আছেন আবির চ্যাটার্জি, মিমি চক্রবর্তী ও দিব্যানী মণ্ডল।
বাংলাফ্লো/এম এইচ এইচ












