বাংলাফ্লো ডেস্ক
ঢাকা: সিলেটের জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। এর আগে গত বছরের ২১ আগস্ট তিনি সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদান করেছিলেন।
২৭তম বিসিএসের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা এর আগে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনকালে ব্যাপক আলোচিত ও প্রশংসিত হন। সিনিয়র সহকারী সচিব পদে থাকাকালীন র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি তিন শতাধিক ভেজালবিরোধী ও অনিয়মবিরোধী সফল অভিযান পরিচালনা করে সাধারণ মানুষের কুড়িয়েছিলেন প্রশংসা। তবে হঠাৎ করেই ২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়েছিল।
পরবর্তী সময়ে তিনবার পদোন্নতি থেকে বঞ্চিত হওয়ার পর ২০২৪ সালের ১৪ আগস্ট তিনি উপসচিব পদে পদোন্নতি পান। এর আগে পদোন্নতি বঞ্চিত হয়ে নিজের ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় বিগত আওয়ামী লীগ সরকার তার বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ এনে লঘুদণ্ড হিসেবে ‘তিরস্কার’র শাস্তি দিয়েছিল, যা ২০২২ সালের মে মাসে প্রজ্ঞাপনের মাধ্যমে কার্যকর করা হয়। সম্প্রতি সিলেটে যোগদানের পর মাজারগুলোতে মাদকবিরোধী অবস্থান ও শাহজালালের মাজারের দানবাক্স সিলগালা করার মতো প্রশাসনিক সিদ্ধান্তের কারণে তিনি আবারও আলোচনায় আসেন।
বাংলাফ্লো/এফআইআর






