বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ফৌজদারি অপরাধ বা অন্য বিষয়ে আদালতে তার (রাষ্ট্রপতির) বিরুদ্ধে মামলা করা যায় না। তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছিলেন। এর বাইরে কেউ বক্তব্য দিলে সেটা তাদের স্বাধীনতা, তবে সরকার এসব আমলে নিচ্ছে না।
রোববার (২৬ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ পুরস্কার ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, “সাবেক রাষ্ট্রপতি হিসেবে আইন অনুসারে যেসব সুযোগ-সুবিধা পাওয়ার, সেটা তিনি পাবেন। শারীরিক অসুস্থতার কারণে রাষ্ট্রপতি পদত্যাগ করেছেন এবং সংবিধানে সেই বিধান আছে। স্পিকার তার পদত্যাগপত্র গ্রহণও করেছেন। এগুলো সবই আইনি প্রক্রিয়া।”
রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা বিভিন্ন সমালোচনা ও অভিযোগ প্রসঙ্গে সালাহউদ্দিন আহমেদ বলেন, “এখন রাষ্ট্রপতির বিরুদ্ধে যারা গালি দিচ্ছেন, সেই অধিকার তাদের আছে। গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে মানুষের কথা বলার ও প্রতিবাদ করার স্বাধীনতা থাকবে। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি ও অন্যরা তার বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করতে পারে, কিন্তু আমরা আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য সেখানে দেখি না।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে স্বৈরাচারের শেষ দিকে, অন্তর্বর্তী সরকারের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের সময়ে তিনি বিধিবিধান ও সংবিধান অনুসারে দায়িত্ব পালন করেছেন। সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড; তার ইমিউনিটি বা দায়মুক্তি আছে। তাই ফৌজদারি বা অন্য কোনো বিষয়ে আদালতে তার বিরুদ্ধে মামলা করা যায় না।”
লন্ডনে চিকিৎসা নিতে গিয়ে পলাতক শেখ হাসিনার সঙ্গে মো. সাহাবুদ্দিন ফোনে কথা বলেছেন—এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “এটি আমরা পত্রিকায় দেখেছি। যে পত্রিকা এমন সংবাদ প্রকাশ করেছে, তাদের কাছে কী তথ্য-প্রমাণ আছে, সেটা তাদেরই জিজ্ঞাসা করা উচিত। আমাদের কাছে তেমন কোনো তথ্য নেই। আর কথা বলার জন্য লন্ডন যেতে হয় নাকি? আজকাল ইন্টারনেটের দুনিয়ায় কথা বলতে চাইলে এখান থেকেও বলা যায়।”
রাষ্ট্রপতি হওয়ার আগে তার বিরুদ্ধে থাকা কোনো অভিযোগ প্রসঙ্গে তিনি জানান, সেই সময়ের কোনো অভিযোগ থাকলে তা সে সময়কার আইন অনুসারেই চলবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












