জেলা প্রতিনিধি টাঙ্গাইল: টাঙ্গাইলের সখীপুর উপজেলায় মাটি কাটার সময় পরিত্যক্ত অবস্থায় গ্রেনেড সদৃশ দুটি বাক্স উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বাক্সের গায়ে ‘East Pakistan Police Tangail’ লেখা সম্বলিত একটি নেমপ্লেট রয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সখীপুর উপজেলার কচুয়া থলচালা (টুংগিরচালা) এলাকায় শ্রমিকরা মাটি কাটার কাজ করছিলেন। একপর্যায়ে মাটির গভীর থেকে লোহা ও ধাতব কাঠামোর ভারী দুটি বাক্স বেরিয়ে আসে। পরে বাক্স দুটি পর্যবেক্ষণ করে সেখানে গ্রেনেড সদৃশ বস্তু ও প্রাচীন নেমপ্লেট দেখতে পান স্থানীয়রা।

খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে তীব্র কৌতূহল ও চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি তাৎক্ষণিকভাবে সখীপুর থানা পুলিশকে জানানো হলে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে রাখে এবং নিরাপত্তা নিশ্চিত করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাক্স দুটি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের হতে পারে। ভেতরে কোনো বিস্ফোরক বা তাজা গ্রেনেড রয়েছে কি না, তা পরীক্ষা করার জন্য বোম্ব ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল পৌঁছানোর পর বিস্তারিত জানা যাবে।
বাংলাফ্লো/এম এইচ এইচ











