বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: পদত্যাগের দুই দিন পর সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। রোববার (২৬ জুলাই) দুপুর ২টা ২৫ মিনিটে তিনি বঙ্গভবন থেকে রাজধানীর গুলশানে অবস্থিত নিজ বাসভবন ‘গ্রিন ভিলা’র উদ্দেশে রওনা হন।
এর আগে গত ২৪ জুলাই রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেন মো. সাহাবুদ্দিন। রোববার বঙ্গভবন ত্যাগের মধ্য দিয়ে সরকারি বাসভবনে তার অবস্থানের আনুষ্ঠানিক সমাপ্তি হলো।
সংবিধান অনুযায়ী তিনি পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হলেও দায়িত্ব পালন করেন তিন বছর তিন মাস। রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে তিনি বিভিন্ন সাংবিধানিক দায়িত্ব পালনের পাশাপাশি রাষ্ট্রীয় নানা কর্মসূচিতে অংশ নেন।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি ছিলেন। তিনি ২০২৩ সালের ২৪ এপ্রিল রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং গত ২৪ জুলাই পদত্যাগ করেন। তাঁর পদত্যাগের পর জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ











