বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: সিঙ্গাপুরের সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ ও দক্ষ জনশক্তি সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। তিনি বলেন, একটি বৈশ্বিক ব্যবসাকেন্দ্র হিসেবে সিঙ্গাপুর বাংলাদেশের বিনিয়োগ ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মঙ্গলবার (১১ আগস্ট) সিঙ্গাপুরের একটি স্থানীয় হোটেলে বাংলাদেশ চেম্বার অব সিঙ্গাপুর আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় বাংলাদেশি ব্যবসায়ীরা সিঙ্গাপুরে তাদের চলমান ব্যবসা, সম্ভাবনা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুরের সভাপতি দুই দেশের উদ্যোক্তাদের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে চেম্বারের ভূমিকার কথা জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “অর্থনৈতিক কূটনীতির মাধ্যমে বাংলাদেশের বাণিজ্য সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগ আকর্ষণের ওপর সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সম্প্রতি বিনিয়োগসংক্রান্ত একটি বিলও মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে।” তিনি আরও জানান, জনশক্তি রপ্তানি, বাণিজ্য ও বিনিয়োগসংক্রান্ত বিষয়গুলো সমন্বয়ের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি পৃথক উইং গঠন করা হয়েছে, যা সরকারি ও বেসরকারি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করবে।
সভায় নবায়নযোগ্য জ্বালানি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), প্রযুক্তি, ওষুধ শিল্প, তথ্যপ্রযুক্তি, শিক্ষা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) খাতে দুই দেশের মধ্যে সহযোগিতার বড় সুযোগ রয়েছে বলে উল্লেখ করেন শামা ওবায়েদ। বাণিজ্য ঘাটতি কমাতে পাট ও পাটজাত পণ্যের বহুমুখীকরণের ওপর জোর দিয়ে তিনি দুই দেশের ব্যবসায়ীদের সমন্বয়ে একটি যৌথ ‘বাংলাদেশ-সিঙ্গাপুর চেম্বার’ গঠনের প্রস্তাব দেন।
অন্যদিকে, ব্যবসায়ীরা বাংলাদেশে ডাটা সেন্টার স্থাপনকে সম্ভাবনাময় খাত হিসেবে উল্লেখ করেন এবং বাংলাদেশ-সিঙ্গাপুর মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা করেন। এফটিএ হলে ইস্পাত ও জাহাজ নির্মাণ শিল্পে শুল্কমুক্ত সুবিধা পাওয়ার আশার কথা জানান তারা। একইসঙ্গে প্রবাসী বাংলাদেশিরা সিঙ্গাপুরে অতিরিক্ত অভিবাসন ব্যয়ের অভিযোগ তুলে স্বচ্ছ নিয়োগ ব্যবস্থার দাবি জানান।
জবাবে অভিবাসন প্রক্রিয়াকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে সরকারের উদ্যোগের কথা জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, দক্ষ জনশক্তি তৈরির জন্য টিভিইটি খাত সম্প্রসারণ এবং নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করছে। সমাপনী বক্তব্যে তিনি প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের দেশে বিনিয়োগের সুযোগ অনুসন্ধানের আহ্বান জানান।
বাংলাফ্লো/এম এইচ এইচ












