বাংলা প্রতিবেদক
ঢাকা: রাজধানীর পূর্বাঞ্চলের অন্যতম ব্যস্ত দুই আবাসিক এলাকা বনশ্রী ও আফতাবনগরের মধ্যে পথচারীদের দ্রুত ও নিরাপদ পারাপার নিশ্চিত করতে খালের ওপর নবনির্মিত আধুনিক স্টিল ফুটওভার ব্রিজটি জনসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। বাংলাদেশ নৌবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সেনাবাহিনীর কারিগরি দক্ষতায় অত্যন্ত দৃষ্টিনন্দন ও মানসম্মতভাবে এই ফুট ব্রিজটির নির্মাণকাজ সম্পন্ন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বুধবার বিকেলে ডিএনসিসির প্রশাসক শফিকুল ইসলাম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
ডিএনসিসি সূত্রে জানা যায়, বনশ্রী-আফতাবনগর খালের ওপর মূল সড়কের ট্রাফিক চাপ কমাতে এবং চলমান এমআরটি (মেট্রোরেল) প্রকল্পের বিকল্প যাতায়াত নেটওয়ার্ক গড়ে তুলতে মোট ৮৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে তিনটি ব্রিজ নির্মাণের মেগা প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। এর মধ্যে ফরাজী হাসপাতাল সংলগ্ন ৪২ মিটার দীর্ঘ ও ৩.৮০ মিটার প্রস্থের ২ নম্বর স্টিল ফুট ব্রিজটির কাজ সফলভাবে শেষ হওয়ায় তা উন্মুক্ত করা হলো। বাকি দুটি স্থায়ী আরসিসি গার্ডার ব্রিজের নির্মাণকাজও দ্রুতগতিতে এগিয়ে চলছে, যা সম্পন্ন হলে ভারী যানবাহন চলাচলের পথও সুগম হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, শুধু কাঠামোগত উন্নয়ন কিংবা বৃক্ষরোপণ করলেই মেগাসিটি সুন্দর হবে না; বরং নগরীর খাল, জলাশয় ও চারপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখাই প্রথম শর্ত। তিনি রামপুরা-বনশ্রী ও আফতাবনগরবাসীকে খালের পানিতে বর্জ্য না ফেলার আহ্বান জানিয়ে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে সক্রিয় সহযোগিতার অনুরোধ জানান। ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মো. রাকিব হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ









