বিনোদন ডেস্ক
ঢাকা: বিশিষ্ট কথাসাহিত্যিক সেলিনা হোসেনের উপন্যাস অবলম্বনে নির্মিত প্রয়াত চাষী নজরুল ইসলামের কালজয়ী মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘হাঙর নদী গ্রেনেড’-এ শিশুশিল্পী ‘রইছ’ চরিত্রে অভিনয় করে খ্যাতি পাওয়া অভিনেতা আবু আজাদ চৌধুরী (বিজয়) আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মানিকগঞ্জের সিংগাইরে একটি পারিবারিক অনুষ্ঠান শেষে স্ত্রী সালমা চৌধুরীকে নিয়ে ঢাকায় ফেরার পথে গাড়িতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন বিজয় চৌধুরী। কালবিলম্ব না করে তাকে দ্রুত রাজধানীর জাতীয় হৃদ্রোগ ইনস্টিটিউট ও হাসপাতালে নেওয়া হয়। সেখানে জরুরি পরীক্ষার পর চিকিৎসকরা জানান, তিনি মারাত্মক হৃদরোগে আক্রান্ত হয়েছেন। শারীরিক অবস্থার দ্রুত অবনতি হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। পরে চিকিৎসার মাধ্যমে অবস্থার কিছুটা উন্নতি ঘটলে চিকিৎসকদের পরামর্শে তাকে সাধারণ বেডে আনা হয়েছে।
এদিকে বাবার অসুস্থতার খবর জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সবার কাছে দোয়া চেয়েছেন তার মেয়ে ফিওনা চৌধুরী। বিজয় চৌধুরীর নিজস্ব ফেসবুক আইডি থেকে দেওয়া এক আবেগঘন পোস্টে তিনি বাবার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ুর জন্য শুভাকাঙ্ক্ষীদের প্রার্থনা করার অনুরোধ জানান। উল্লেখ্য, ১৯৯৭ সালে মুক্তি পাওয়া ‘হাঙর নদী গ্রেনেড’ চলচ্চিত্রে বাকপ্রতিবন্ধী কিশোর ‘রইছ’ চরিত্রে অসাধারণ অভিনয় করে কোটি দর্শকের হৃদয় ছুঁয়েছিলেন বিজয় চৌধুরী।
বাংলাফ্লো/এম এইচ এইচ












