বিনোদন ডেস্ক ঢাকা: মরণব্যাধি ক্যানসারের বিরুদ্ধে দীর্ঘ লড়াই চালিয়ে যাওয়া জনপ্রিয় উপস্থাপিকা ও অভিনেত্রী সামিয়া আফরিনের তৃতীয় কেমোথেরাপি সম্পন্ন হয়েছে। শনিবার রাতে হাসপাতালের বিছানা থেকে একটি ছবি প্রকাশ করে নিজের বর্তমান শারীরিক পরিস্থিতি ও আকুল প্রার্থনার কথা ভক্তদের জানিয়েছেন তিনি।
সামিয়া আফরিন পোস্টে লিখেছেন, ‘আগামী কয়েকটা দিন হয়তো একটু কঠিন যাবে, তবে ইনশাআল্লাহ দ্রুত সুস্থ হয়ে উঠব। আমার একটাই প্রার্থনা, আমার শরীরে যেন আর কখনো ক্যানসার বাসা বাঁধতে না পারে।’ অক্টোবর মাস বিশ্ব ক্যানসার সচেতনতা মাস হওয়ায় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে তিনি শরীর নিয়ে সচেতন থাকার আহ্বান জানান। তিনি লেখেন, শরীরের কোনো অস্বাভাবিক পরিবর্তন যেন কেউ অবহেলা না করেন এবং নিয়মিত চেক-আপ করান; কারণ প্রাথমিক অবস্থায় রোগ নির্ণয়ই জীবন বাঁচাতে পারে।
সামিয়ার এই আবেগঘন পোস্টে শোবিজ অঙ্গনের সহকর্মী মৌসুমী নাগ, জাকিয়া বারী মম, নিপুণ আক্তার, দীপা খন্দকার, তানভীন সুইটি, শাহনাজ খুশী ও ফাহমিদা নবীসহ অসংখ্য ভক্ত দ্রুত আরোগ্য কামনা করে দোয়া ও ভালোবাসা জানিয়েছেন। উল্লেখ্য, প্রায় পাঁচ বছর ধরে ক্যানসারের সঙ্গে লড়ছেন সামিয়া। ২০২২ সালে তার কোলন ক্যানসার শনাক্ত হয়েছিল। সিঙ্গাপুরে চিকিৎসার পর তিনি সুস্থ হয়ে ফিরলেও চলতি বছর নতুন করে তার ওভারিয়ান ক্যানসার ধরা পড়ে। সম্প্রতি অস্ত্রোপচারের পর বর্তমানে তিনি কেমোথেরাপি নিচ্ছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












