জেলা প্রতিনিধি
চট্টগ্রাম: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৫ আগস্ট) রাত ৯টার দিকে শহরের কেশব মোড় এলাকায় অবস্থিত তার বাড়ির দক্ষিণ পাশের গেটে এ ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা বাড়ির প্রধান গেটের ওপরের অংশে আগুন লাগানোর চেষ্টা করে। একই সঙ্গে ইট-পাটকেল নিক্ষেপ করে বাড়ির বেশ কয়েকটি জানালার গ্লাসও ভেঙে ফেলে। তবে দ্রুত আগুন নিভে যাওয়ায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া গেছে। অপ্রত্যাশিত এই ঘটনায় স্থানীয়দের মাঝে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুর্বৃত্তদের দেওয়া আগুনে গেটের ওপরের অংশে কালচে পোড়া দাগ দেখা গেছে। খবর পেয়ে মাগুরা সদর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। মাগুরা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আল মামুন জানান, রাত ৯টার দিকে সংবাদ পাওয়ার পরপরই তারা ঘটনাস্থলে যান এবং গেটে আগুনের কালো দাগ দেখতে পান। প্রাথমিকভাবে সেখানে অগ্নিসংযোগের চেষ্টা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অন্যদিকে, মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) থান্দার খাইরুল হাসান জানিয়েছেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখছে এবং ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












