বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: রাজধানী ঢাকার চারপাশের নদীদূষণ রোধে দ্রুত একটি কার্যকর কর্মপরিকল্পনা তৈরির নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পর্যায়ক্রমে দেশের সব নদীর পানিদূষণ রোধেও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে বুড়িগঙ্গা নদীর পানি ও পরিবেশ রক্ষা-সংক্রান্ত এক বিশেষ সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
ডিএসসিসি প্রশাসক জানান, নদীর পানিদূষণ যেন কোনোভাবেই আর না বাড়ে, সেজন্য নদী তীরবর্তী প্রতিটি কারখানায় বাধ্যতামূলকভাবে ইটিপি (এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট- ETP) স্থাপনের নির্দেশনা দেওয়া হবে। যারা সরকারের এই কঠোর নির্দেশনা অমান্য করবে, তাদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ঢাকাকে দূষণমুক্ত ও বাসযোগ্য করতে এই উদ্যোগ বড় ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












