স্পোর্টস ডেস্ক ঢাকা: ফুটবল ইতিহাসের সর্বকালের সেরা (গোট) কে—ব্রাজিলের ফুটবল সম্রাট পেলে নাকি আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসি? প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এই তুমুল বিতর্কে এবার পেলের পক্ষে জোরালো অবস্থান নিয়েছেন ব্রাজিলের ১৯৯৪ বিশ্বকাপজয়ী কিংবদন্তি স্ট্রাইকার রোমারিও।
ব্রাজিলের স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক নিবন্ধে রোমারিও নিজের স্পষ্ট অভিমত তুলে ধরেন। তিনি লেখেন, “মেসি কি পেলের চেয়ে বড়? মেসি অবশ্যই একজন দানবীয় ও অবিশ্বাস্য ফুটবলার, কিন্তু সে পেলের ধারেকাছেও নেই। গতি, নিখুঁত ড্রিবলিং, কৌশল ও দক্ষতার যে অতুলনীয় সংমিশ্রণ পেলের ছিল, তেমন খেলোয়াড় ফুটবলে আর দ্বিতীয়টি আসবে না।” তিনি আরও যোগ করেন, মেসির প্রতি তাঁর অগাধ শ্রদ্ধা রয়েছে এবং তিনি সর্বকালের অন্যতম সেরা, তবে ৫০ বছর আগেই পেলে তাঁর সমসাময়িক সময়ের চেয়ে কয়েক যুগ এগিয়ে ছিলেন। উল্লেখ্য, ১৯৯৪ সালে যুক্তরাষ্ট্রের মাটিতে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে ৫ গোল করে আসর সেরা হয়েছিলেন রোমারিও।
বাংলাফ্লো/এম এইচ এইচ











