স্পোর্টস ডেস্ক ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে লিভারপুলের মাঠ অ্যানফিল্ডে স্বাগতিকদের বিপক্ষে ম্যানচেস্টার সিটির দাপুটে জয়ের দিনে গ্যালারিতে এক অদ্ভুত দৃশ্য নজর কেড়েছে ফুটবলপ্রেমীদের। সফরকারী ম্যানচেস্টার সিটির গ্যালারিতে বহু সমর্থককে বিশাল আকারের ইনফ্ল্যাটেবল (বাতাসভরা খেলনা) হলুদ রঙের কলা উঁচিয়ে উল্লাস করতে দেখা যায়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই অ্যাওয়ে ম্যাচে সমর্থকদের এমন কাণ্ড নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা।
ফুটবল ইতিহাসবিদদের মতে, গ্যালারিতে এই বাতাসভরা কলা উড়িয়ে আনন্দ প্রকাশ করা ম্যানচেস্টার সিটির সমর্থকদের প্রায় চার দশকের পুরোনো এক ঐতিহ্য। ১৯৮০-এর দশকের শেষভাগে, ১৯৮৭ সালে ওয়েস্ট ব্রমউইচের বিপক্ষে এক ম্যাচে প্রথম ফ্রাঙ্ক নিউটন নামের এক সমর্থক এমন একটি খেলনা কলা মাঠে নিয়ে এসেছিলেন। এরপর সাবেক সিটি স্ট্রাইকার ইমরে ভারাদিকে নিয়ে ভক্তদের তৈরি স্লোগানের সঙ্গে মিলে এটি ক্লাবটির প্রতীকী সংস্কৃতিতে রূপ নেয় এবং তৎকালীন মেইন রোড স্টেডিয়ামে ‘ইনফ্ল্যাটেবল উন্মাদনা’ শুরু হয়।
লিভারপুলের ঐতিহাসিক মাঠ অ্যানফিল্ডে তাদের সমর্থকদের নীরব করে দিয়ে সিটির সমর্থকরা নিজেদের সেই ঐতিহ্যবাহী হলুদ কলা উড়িয়ে ক্লাবটির অতীত গৌরব এবং সাম্প্রতিক আধিপত্যকে এক সুতোয় গেঁথেছেন। ম্যাচটিতে লিভারপুল ১০ জনের দলে পরিণত হওয়ার পর ম্যানসিটি আধিপত্য বিস্তার করে জয় তুলে নেয়, আর গ্যালারিতে সিটির ভক্তদের এই বর্ণিল উদযাপন ম্যাচটির অন্যতম প্রধান আকর্ষণে পরিণত হয়।
বাংলাফ্লো/এম এইচ এইচ










