স্পোর্টস ডেস্ক
ঢাকা: ফুটবল মাঠে বল পায়ে ছুটে চলা এক জাদুকরের নাম ডিয়েগো ম্যারাডোনা। প্রতিপক্ষের খেলোয়াড়দের বোকা বানিয়ে অবিশ্বাস্য সব গোল আর নিখুঁত পাসে যিনি মুগ্ধ করে রাখতেন বিশ্বজুড়ে কোটি ভক্তকে, সেই আর্জেন্টাইন কিংবদন্তির আজ ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। ২০২০ সালের ২৫ নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে পৃথিবী থেকে বিদায় নিলেও ফুটবলপ্রেমীদের হৃদয়ে তার আসন আজও অটুট।
১৯৬০ সালের ৩০ অক্টোবর বুয়েনস আয়ার্সের কাছে ভিলা ফিওরিতোর এক দরিদ্র পরিবারে জন্ম নেওয়া ম্যারাডোনা মাত্র ৮ বছর বয়সে যোগ দেন যুব দল ‘লস সেবোলিতাসে’। ১৫ বছর বয়সে পেশাদার ফুটবলে অভিষেক এবং তার এক বছর পরই আর্জেন্টিনা জাতীয় দলে জায়গা করে নেন তিনি। আর্জেন্টিনোস জুনিয়র্স ও বোকা জুনিয়র্সের পর ইউরোপে বার্সেলোনা ও নাপোলির মতো ক্লাবে খেলে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়।
ম্যারাডোনার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় রচিত হয় ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে, যেখানে তার জাদুকরী নেতৃত্বে শিরোপা জেতে আর্জেন্টিনা। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে করা তার দুটি গোল ফুটবল ইতিহাসে অমর হয়ে আছে। হাতের স্পর্শে করা বিতর্কিত ‘হ্যান্ড অব গড’ গোলের কয়েক মিনিট পরই প্রতিপক্ষের অর্ধেক দলকে কাটিয়ে তিনি করেন শতাব্দীর সেরা ‘গোল অব দ্য সেঞ্চুরি’।
ক্লাব ফুটবলে নাপোলির হয়ে ১৯৮৭ ও ১৯৯০ সালে ইতালিয়ান সিরি আ জিতে ক্লাবটির ইতিহাস বদলে দিয়েছিলেন তিনি। খেলোয়াড়ি জীবনে নানা বিতর্ক ও ব্যক্তিগত সংকটের মধ্য দিয়ে গেলেও মাঠের জাদু কখনো ম্লান হয়নি। বিদায়ের ছয় বছর পরও বিশ্বকাপের সেই বীরত্বগাথা আর নাপোলির সাফল্য ম্যারাডোনাকে বাঁচিয়ে রেখেছে প্রজন্মের পর প্রজন্মের কাছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












