স্পোর্টস ডেস্ক
ঢাকা: রাউন্ড অব বত্রিশের লড়াই শেষে আজ থেকেই শুরু হচ্ছে ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর দ্বৈরথ। রাউন্ড অব সিক্সটিনের দ্বিতীয় দিনে আগামীকাল রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউ জার্সি স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল ও ইউরোপীয় শক্তি নরওয়ে। এই হাই-ভোল্টেজ ম্যাচটির জন্য রেফারি প্যানেল ঘোষণা করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। ম্যাচ পরিচালনার মূল দায়িত্ব পেয়েছেন স্বাগতিক যুক্তরাষ্ট্রের রেফারি ইসমাইল এলফাত। তার সহকারী বা লাইন্সম্যান হিসেবে থাকবেন তারই দুই স্বদেশী কোরি পার্কার ও কাইল অ্যাটকিন্স। অর্থাৎ মাঠের প্রধান তিন রেফারিই থাকছেন আমেরিকার। এছাড়া চতুর্থ অফিসিয়াল হিসেবে হন্ডুরাসের সাইদ মার্টিনেজ এবং রিজার্ভ সহকারী রেফারি হিসেবে থাকবেন একই দেশের ওয়াল্টার লোপেজ।

চলতি বিশ্বকাপে ইসমাইল এলফাত এখন পর্যন্ত নেদারল্যান্ডস বনাম জাপান এবং উরুগুয়ে বনাম স্পেন ম্যাচ দুটির দায়িত্ব পালন করেছেন। কড়া মেজাজের রেফারি হিসেবে পরিচিত এলফাত এই দুই ম্যাচে একটি লাল কার্ড ও ৭টি হলুদ কার্ড দেখিয়েছেন। উল্লেখ্য, ২০২২ কাতার বিশ্বকাপেও ব্রাজিলের একটি ম্যাচ পরিচালনা করেছিলেন তিনি, যেখানে গ্রুপ পর্বে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলে হেরেছিল ব্রাজিল। ব্রাজিল ও নরওয়ের মধ্যকার রোববারের ম্যাচে তিনি কেমন ভূমিকা রাখেন, তা দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। এই ম্যাচের জয়ী দল আগামী ১১ জুলাই মায়ামিতে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মেক্সিকো অথবা ইংল্যান্ডের মুখোমুখি হবে।
বাংলাফ্লো/এফআইআর




