জেলা প্রতিনিধি
নড়াইল: নড়াইলের লোহাগড়া উপজেলায় পাওনা টাকা চাওয়ায় মো. আলিনুর ফকির (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার (১৮ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার ইতনা ইউনিয়নের কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আলিনুর ফকির কুমারডাঙ্গা গ্রামের আব্দুল হাই ফকিরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে কুমারডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে একই গ্রামের মো. জাহাঙ্গীর শেখের ছেলে মো. রাজিব শেখের কাছে পাওনা টাকা ফেরত চান আলিনুর। এ নিয়ে একপর্যায়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। এর জের ধরে রাজিব শেখ তার কাছে থাকা ছুরি দিয়ে আলিনুরের পেটে আঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে আলিনুরের চিৎকার শুনে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনার দ্রুত তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাফ্লো/এফআইআর










