স্পোর্টস ডেস্ক
ঢাকা: বিশ্বকাপ ফাইনালের মহারণের আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। বাংলাদেশ সময় আজ রাত ১টায় নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি আর্জেন্টিনা ও স্পেন। মাঠের এই মেগা দ্বৈরথের আগে ক্রীড়া পরিসংখ্যানভিত্তিক প্রতিষ্ঠান অপ্টা সুপারকম্পিউটার নতুন এক ভবিষ্যদ্বাণী প্রকাশ করেছে, যা ফুটবলপ্রেমীদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
৪৮ দলের এই আসরে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ১৬ বছর পর ফাইনালে উঠেছে স্পেন। অন্যদিকে, আটলান্টার মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে রুদ্ধশ্বাস সেমিফাইনালে ইংল্যান্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালের টিকিট কেটেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
ফাইনাল ম্যাচটি নিয়ে অপ্টার স্ট্যাটিস্টিক্যাল মডেল ২৫ হাজার বার সিমুলেশন করেছে। সেই প্রতিবেদন অনুযায়ী, লুইস দে লা ফুয়েন্তের দলের ট্রফি জেতার সম্ভাবনা ৫৯.৬ শতাংশ, যেখানে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সম্ভাবনা ৪০.৪ শতাংশ। সিমুলেশন বলছে, নির্ধারিত ৯০ মিনিটেই স্পেনের ম্যাচ জিতে যাওয়ার সম্ভাবনা ৪৫ শতাংশ, ম্যাচ ড্র হওয়ার সম্ভাবনা ২৯ শতাংশ এবং আর্জেন্টিনার জয়ের সম্ভাবনা মাত্র ২৬ শতাংশ।
অপ্টা সুপারকম্পিউটারসহ অনেক বিশেষজ্ঞের মতে, চলতি বিশ্বকাপে সব ম্যাচ জিতলেও আর্জেন্টিনার পারফরম্যান্সে কিছুটা ত্রুটি ছিল, তারা একেবারেই অপরাজেয় নয়। অন্যদিকে, বল নিয়ন্ত্রণে রাখা এবং প্রতিপক্ষের আক্রমণ নস্যাৎ করায় স্পেনের দক্ষতা অসামান্য। পরিসংখ্যান বলছে, এই বিশ্বকাপে স্প্যানিশরা প্রতিপক্ষকে গড়ে মাত্র ০.৩১ এক্সপেক্টেড গোল (xG) করার সুযোগ দিয়েছে, যা চলতি টুর্নামেন্টে সবচেয়ে কম এবং ১৯৬৬ সালের পর বিশ্বকাপের ইতিহাসে যৌথভাবে সেরা রক্ষণাত্মক রেকর্ড (১৯৯০ সালে উরুগুয়েও একই রেকর্ড গড়েছিল)।
ভবিষ্যদ্বাণী স্পেনের পক্ষে থাকলেও পরিসংখ্যান কিন্তু লিওনেল মেসির দলের ইতিহাস গড়ারও হাতছানি দিচ্ছে। এটি আর্জেন্টিনার ফুটবল ইতিহাসের সপ্তম বিশ্বকাপ ফাইনাল। কাতার বিশ্বকাপের পর এবারও শিরোপা জিতলে ইতালি ও ব্রাজিলের পর ইতিহাসের মাত্র তৃতীয় দল হিসেবে টানা দুবার বিশ্বকাপ জয়ের অনন্য কীর্তি গড়বে লিওনেল স্কালোনির দল। অন্যদিকে, স্পেনের ঝুলিতেও রয়েছে টানা ৩৭টি অফিসিয়াল ম্যাচে অপরাজিত থাকার দুর্দান্ত রেকর্ড। ফলে মেটলাইফে এক হাড্ডাহাড্ডি লড়াইয়ের অপেক্ষায় পুরো ফুটবল বিশ্ব।
বাংলাফ্লো/এফআইআর









