বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ছবি ছাড়া শুধুমাত্র বিকল্প কোনো বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তৈরির সুযোগ থাকছে না। এ বিষয়ে জারি করা রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. ইকবাল কবির ও বিচারপতি এস এম সাইফুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী শেখ ওমর শরীফ ও ইলিয়াছ আলী মন্ডল। অন্যদিকে নির্বাচন কমিশনের (ইসি) পক্ষে ছিলেন আইনজীবী কামাল হোসেন মিয়াজী। রায়ের বিষয়টি নিশ্চিত করে ইসির আইনজীবী জানান, রুল খারিজ হওয়ায় এখন থেকে ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র করার কোনো আইনি সুযোগ নেই।
ইসলামী শরিয়াহ অনুযায়ী কঠোরভাবে পর্দা করেন—এমন দাবি করে রাজধানীর শাহজাহানপুর শান্তিবাগের বাসিন্দা সুমাইয়া আহমাদ মুনা ২০২২ সালে হাইকোর্টে রিটটি দায়ের করেছিলেন। ওই রিট আবেদনে তার স্বামী মুহম্মদ আরিফুর রহমানকে অথরিটি দেওয়া হয়।
এর আগে ২০২২ সালের ১০ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনে একটি আবেদন করেছিলেন সুমাইয়া। আবেদনে তিনি উল্লেখ করেন, প্রাপ্তবয়স্ক ও পর্দানশীন মুসলিম নারী হিসেবে ইসলামী শরিয়াহর বিধান নিয়মিতভাবে পালন করায় তিনি যেকোনো ধরনের ছবি তোলা থেকে বিরত থাকেন। কিন্তু ছবি না থাকায় তার জাতীয় পরিচয়পত্র নেই, যার ফলে তিনি রাষ্ট্রের বিভিন্ন নাগরিক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই ছবি ছাড়া বিকল্প কোনো পদ্ধতিতে এনআইডি পাওয়ার ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন জানান তিনি। তবে ওই আবেদন নিষ্পত্তি না হওয়ায় তিনি হাইকোর্টের দ্বারস্থ হন।
রিটের প্রাথমিক শুনানি নিয়ে ২০২২ সালের ৬ মার্চ হাইকোর্ট একটি রুল জারি করেন। রুলে ছবি ছাড়া বিকল্প পরিচয় বা বায়োমেট্রিক বৈশিষ্ট্য ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র তৈরিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছিল। দীর্ঘ শুনানি শেষে বুধবার সেই রুল খারিজ করে দেন আদালত।
রুল জারির সময় রাষ্ট্রপক্ষ থেকে এই আবেদনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল। রাষ্ট্রপক্ষের যুক্তি ছিল, হজ পালন, ব্যাংক হিসাব খোলাসহ নাগরিক জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবা গ্রহণের ক্ষেত্রে ছবি বাধ্যতামূলক। ছবি ছাড়া পরিচয় যাচাইয়ের ক্ষেত্রে মারাত্মক নিরাপত্তা জটিলতা তৈরি হতে পারে। যেমন—ব্যাংকে একজনের টাকা অন্য কেউ তুলে নিলে সেটি শনাক্ত করা কঠিন হয়ে পড়বে। পাশাপাশি, বিকল্প বায়োমেট্রিক পরিচয় নিশ্চিত করতে চোখের আইরিশের তথ্য নেওয়ার প্রয়োজন হলেও মুখমণ্ডলের পর্দার বিষয়টি সামনে চলে আসে। সার্বিক দিক বিবেচনা করেই আদালত রুলটি খারিজ করেছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ










