বিনোদন ডেস্ক
ঢাকা: ভারতে সাপ্তাহিক ছুটি শেষে সোমবার কর্মদিবসে বক্স অফিসে টিকে থাকাটা যেকোনো সিনেমার জন্যই ‘অগ্নিপরীক্ষা’ হিসেবে বিবেচিত হয়। আর সেই পরীক্ষায় দারুণভাবে পাস করে বক্স অফিসে বাজিমাত করেছে সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মির্জাপুর দ্য মুভি’। দর্শক আগ্রহ ধরে রেখে মুক্তির মাত্র চার দিনেই বিশ্বব্যাপী দেড়শ কোটি রুপির বেশি আয় করে চমক দেখিয়েছে সিনেমাটি।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার (৪ সেপ্টেম্বর) গুরমিত সিং পরিচালিত এই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। তুমুল জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মির্জাপুর’কেই এবার সিনেমায় রূপ দিয়েছেন তিনি। মুক্তির প্রথম দিনেই প্রায় ৩০ কোটি রুপি আয় করে বক্স অফিসে শক্তিশালী সূচনা করে সিনেমাটি। এরপর উইকেন্ডে এর আয় আরও বাড়ে। এমনকি সোমবার কর্মদিবসেও সিনেমাটি ১৬ কোটি রুপি আয় করেছে, যা বক্স অফিসে এর লম্বা রেসের ঘোড়া হওয়ারই প্রমাণ দেয়। আয়ের এই গতি অব্যাহত থাকলে প্রথম সপ্তাহের মধ্যেই সিনেমাটি ২০০ কোটি রুপির ক্লাবে ঢুকে পড়বে বলে ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, ২০১৮ সালে শুরু হওয়া ‘মির্জাপুর’ সিরিজের তিনটি সিজনই পেয়েছিল ব্যাপক জনপ্রিয়তা। সিরিজটির কালিন ভাইয়া, গুড্ডু, বাবলু কিংবা মুন্না ভাইয়াদের গল্প এবার বড়পর্দায় নিয়ে এসেছেন নির্মাতা। সিনেমাটিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন পঙ্কজ ত্রিপাঠী, আলি ফজল, দিব্যেন্দু শর্মা, জিতেন্দ্র কুমার, রবি কিষাণসহ আরও অনেকে।
বাংলাফ্লো/এম এইচ এইচ









