আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ওপর যেকোনো ধরনের হামলাকে ‘যুদ্ধ ঘোষণা’ হিসেবে গণ্য করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রোববার (১৮ জানুয়ারি) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যের জেরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই প্রতিক্রিয়া জানান তিনি।
সম্প্রতি পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প মন্তব্য করেন, ইরানে ‘নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে’। তিনি খামেনিকে ‘অসুস্থ মানুষ’ আখ্যা দিয়ে বলেন, তার উচিত দেশ সঠিকভাবে চালানো এবং মানুষ হত্যা বন্ধ করা। ট্রাম্পের এই বক্তব্যকে খামেনিকে ক্ষমতাচ্যুত বা হত্যার ইঙ্গিত হিসেবে দেখছে তেহরান।
এর কড়া জবাবে পেজেশকিয়ান লিখেন, “আমাদের গ্রেট লিডারের ওপর হামলা ইরানের জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার শামিল।” তিনি অভিযোগ করেন, ইরানিদের বর্তমান অর্থনৈতিক দুরবস্থা ও কষ্টের মূল কারণ মার্কিন সরকার ও তাদের মিত্রদের দীর্ঘদিনের শত্রুতা এবং অমানবিক নিষেধাজ্ঞা।
উল্লেখ্য, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে গত ২৮ ডিসেম্বর ইরানে শুরু হওয়া বিক্ষোভ ৮ ও ৯ জানুয়ারি সহিংস রূপ নেয়। সরকারি সূত্রমতে, এতে ৫ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। খামেনি এই পরিস্থিতির জন্য ট্রাম্পের উস্কানিকে দায়ী করেছেন।
বাংলাফ্লো/এফআইআর






