বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: অন্তর্বর্তী সরকারের আমলে শিশুদের জন্য বিদেশ থেকে হামের টিকা আমদানি করা হয়নি বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার (২২ এপ্রিল) সংসদ অধিবেশনে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদের এক সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, “আমরা সব রাজনৈতিক দল মিলে একটি স্বৈরাচারকে দেশ থেকে বিতাড়িত করেছি। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার হলো, সেই স্বৈরাচার এবং তৎপরবর্তী অন্তর্বর্তী সরকারের সময়ে গত কয়েক বছর ধরে শিশুদের হামের টিকা বিদেশ থেকে আমদানি করা হয়নি।” টিকা না থাকার কারণে দেশে হামের প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং অনেক শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে বলেও উল্লেখ করেন তিনি। তবে বর্তমান সরকার পরিস্থিতি মোকাবিলায় সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “খুব দ্রুততার সঙ্গে ইউনিসেফ এ ব্যাপারে বাংলাদেশকে সহায়তা করেছে এবং দ্রুত হামের ভ্যাকসিন আমাদের কাছে পাঠিয়েছে। এর ফলে দেশের প্রায় ২ কোটি শিশুকে আমরা হামের ভ্যাকসিন দিতে পারব।”
হাম প্রতিরোধের কিট প্রসঙ্গে তারেক রহমান জানান, দেশে হাম টেস্ট করার কিটের কিছুটা স্বল্পতা থাকলেও সরকার তা পূরণে নিরলস কাজ করছে। ইতোমধ্যে অনেক কিট দেশে এসে পৌঁছেছে, যার একটি কিট দিয়ে তিনটি টেস্ট করা সম্ভব। এছাড়া আরও কিছু কিট এই মুহূর্তে এয়ারপোর্টের কাস্টমসে আটকে আছে, যা খুব দ্রুত সময়ের মধ্যে ছাড় করানোর ব্যবস্থা করা হচ্ছে বলেও সংসদকে আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী।
বাংলাফ্লো/এফআইআর






