তথ্যপ্রযুক্তি ডেস্ক
ঢাকা: দেশের শীর্ষ মোবাইল অপারেটর গ্রামীণফোন প্রথমবারের মতো ৭০০ মেগাহার্জ ব্যান্ডে ১০ মেগাহার্জ স্পেকট্রাম বা তরঙ্গ বরাদ্দ পেয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সোমবার (২ ফেব্রুয়ারি) এই বরাদ্দের ডিমান্ড নোট ইস্যু করেছে। আগামী ১৩ বছরের জন্য এই তরঙ্গের বিপরীতে গ্রামীণফোন রাষ্ট্রীয় কোষাগারে প্রায় ২ হাজার ২০০ কোটি টাকা জমা দেবে।
৭০০ মেগাহার্জ ব্যান্ডটি ‘লো-ব্যান্ড’ বৈশিষ্ট্যের হওয়ায় এটি নেটওয়ার্কের কাভারেজ বিস্তৃত করতে অত্যন্ত কার্যকর। এর ফলে ঘনবসতিপূর্ণ শহরের উঁচু ভবন, বেসমেন্ট, লিফট, হাসপাতাল বা শপিং মলের ভেতরে গ্রাহকরা এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী ও নিরবচ্ছিন্ন ইনডোর নেটওয়ার্ক পাবেন।
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান জানান, এই বিনিয়োগ গ্রাহকদের উন্নত ডেটা অভিজ্ঞতা দেওয়ার প্রতি তাদের অঙ্গীকারের প্রতিফলন। এটি কেবল ফোরজি সেবার মানই বাড়াবে না, বরং ভবিষ্যতে ফাইভজি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং আইওটি (IoT) প্রযুক্তির জন্য নেটওয়ার্ককে প্রস্তুত করতে সহায়তা করবে।
বাংলাফ্লো/এফআইআর






