বিনোদন ডেস্ক
ঢাকা: নব্বইয়ের দশকের তুমুল আলোচিত ও দর্শকপ্রিয় ‘রোকযানা’ গানের শিল্পী শেখ সাহেদ আলী গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। দীর্ঘ চার বছর ধরে কিডনিজনিত জটিলতায় ভুগতে থাকা এই সংগীতশিল্পীর শারীরিক অবস্থা সম্প্রতি মারাত্মক রূপ নিয়েছে। নিয়মিত ডায়ালাইসিসের ওপর নির্ভরশীল এই শিল্পী এখন জীবন-মৃত্যুর চরম সন্ধিক্ষণে লড়াই করছেন।
শিল্পীর ঘনিষ্ঠ বন্ধু ও কুল এক্সপোজারের প্রধান এরশাদুল হক জানান, গত ২৪ অক্টোবর শরীরে সোডিয়ামের তীব্র ঘাটতি দেখা দেওয়ায় দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থাতেই তিনি ব্রেন স্ট্রোক করেন। স্ট্রোকের পর থেকে তিনি স্বাভাবিকভাবে কথা বলার শক্তি হারিয়ে ফেলেছেন এবং বর্তমানে ফিসফিস করে ও অস্পষ্ট ইশারার সাহায্যে নিজের ভাব প্রকাশের চেষ্টা করছেন। এরই মাঝে রক্ত পরীক্ষায় তার ডেঙ্গুও ধরা পড়েছে, যা পরিস্থিতিকে আরও সংকটাপন্ন করে তুলেছে।
শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটলে গত ৩১ অক্টোবর তাকে প্রথমে পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকার একটি হাসপাতালের হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) নেওয়া হয়। পরবর্তীতে চিকিৎসকদের পরামর্শে তাকে রাজধানীর অন্য একটি উন্নত বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ডায়ালাইসিসের ফিস্টুলায় রক্ত জমাট বাঁধা এবং হাত-পা ফুলে যাওয়ায় তাকে সম্পূর্ণ নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
শিল্পীর এই আকস্মিক অসুস্থতার কারণে স্থগিত হয়ে গেছে তার দীর্ঘ এক যুগের সংগীত আয়োজন। গত ১১ বছর ধরে তিলে তিলে তৈরি করা ২৪টি মৌলিক গানের একটি বিশেষ অ্যালবাম জি-সিরিজের ব্যানারে প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। অ্যালবামটি সিডি, ক্যাসেট ও ভিনাইল রেকর্ডে সংরক্ষণের কথা ছিল এবং আগামী ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে এর বর্ণাঢ্য উন্মোচন অনুষ্ঠান হওয়ার কথা ছিল। পাশাপাশি কিডনি প্রতিস্থাপনের জন্য ১৫ নভেম্বরের পর দিল্লি যাওয়ার কথা থাকলেও সব পরিকল্পনা এখন অনিশ্চয়তায় পড়েছে।
শেখ সাহেদ বাংলা ব্যান্ডসংগীতের জনপ্রিয় দল ‘গাছ’-এর প্রতিষ্ঠাতা ও দলনেতা। ১৯৯১ সালে প্রকাশিত প্রথম অ্যালবাম ‘প্রভু’ দিয়ে তার পথচলা শুরু হয়। এরপর ‘উপলব্ধি’, ‘ক্লাসরুমে বসে শেখা’, ‘উটপাখির ডিম’, ‘খোলা চুল’ এবং কালজয়ী ‘রোকযানা’ গানের মাধ্যমে তিনি দেশের তরুণ প্রজন্মের হৃদয়ে স্থায়ী জায়গা করে নেন। এই গুণী সংগীতশিল্পীর দ্রুত সুস্থতার জন্য ভক্ত ও সহকর্মীদের কাছে দোয়ার আহ্বান জানিয়েছেন তার পরিবার।
বাংলাফ্লো/এম এইচ এইচ










