লাইফ স্টাইল ডেস্ক
ঢাকা: পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, ইবাদত ও সংযমের মাস। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার থেকে বিরত থাকার মাধ্যমে পালিত হয় রোজা। রোজায় দীর্ঘ সময় খালি পেটে থাকার পর শরীরকে সুস্থ ও কর্মক্ষম রাখতে সাহরির খাবার অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে কিছু খাবার আছে যেগুলো সাহরিতে খেলে সারাদিন শারীরিক অস্বস্তি বা স্বাস্থ্যঝুঁকি দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, রোজা রেখে শরীর সুস্থ ও সতেজ রাখতে সাহরিতে নির্দিষ্ট কিছু খাবার ও পানীয় এড়িয়ে চলা উচিত।
সাহরিতে যেসব খাবার ও পানীয় এড়িয়ে চলবেন:
ক্যাফেইন ও কার্বনেটেড পানীয়: খালি পেটে চা, কফি বা কার্বনেটেড (কোমল) পানীয় পান করলে ডিহাইড্রেশন বা পানিশূন্যতা, অ্যাসিডিটি ও বুকজ্বালা হতে পারে। এছাড়া অতিরিক্ত ক্যাফেইন অনিদ্রারও কারণ হতে পারে। বিশেষজ্ঞদের মতে, এগুলোর বদলে শরীরের পানিশূন্যতা রোধ করে এমন স্বাস্থ্যকর পানীয় বেছে নেওয়া উচিত।
মসলাদার ও ভাজাভুজি: সাহরিতে অতিরিক্ত মসলাযুক্ত ও তেলে ভাজা খাবার (যেমন: চপ, সমুচা, পাকোড়া বা গুলাব জামুনের মতো মিষ্টিজাতীয় খাবার) এড়িয়ে চলাই স্বাস্থ্যের জন্য ভালো। এগুলো শুধু অ্যাসিডিটিই তৈরি করে না, বরং এগুলোতে থাকা উচ্চ ক্যালরি সারাদিন পেটে অস্বস্তি ও হজমের নানা জটিলতা সৃষ্টি করতে পারে।
উচ্চ সোডিয়ামযুক্ত ও প্রক্রিয়াজাত খাবার: অতিরিক্ত সোডিয়াম বা লবণযুক্ত খাবার এবং অস্বাস্থ্যকর ফ্যাট শরীরে মারাত্মক অলসতা ও তৃষ্ণা বাড়ায়। তাই সাহরিতে প্যাকেটজাত ও প্রক্রিয়াজাত খাবার সম্পূর্ণ এড়িয়ে চলা উচিত, কারণ এগুলোতে সংরক্ষণ করার জন্য প্রচুর পরিমাণে সোডিয়াম ব্যবহার করা হয়।
বাংলাফ্লো/এফআইআর




