জেলা প্রতিনিধি
শেরপুর: শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় পাঁচ মাদ্রাসাশিক্ষার্থী নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে সর্বশেষ গত রোববার এক দিনেই তিনজনের নিখোঁজ হওয়ার খবরে স্থানীয় ও অভিভাবকদের মাঝে চরম উৎকণ্ঠা বিরাজ করছে।
নিখোঁজ পাঁচ শিক্ষার্থী হলো—নালিতাবাড়ী উপজেলার বুরুঙ্গা কালাপানি গ্রামের আবদুল হাইয়ের ছেলে ইসরাফিল (১৫), পাঁচগাঁওয়ের খন্দকার মোবারক হোসেনের ছেলে খন্দকার মাশরাফি (১৩), উকিল মিয়ার ছেলে রাব্বানী (১১), মানিক মিয়ার ছেলে তোফায়েল (১২) এবং আবদুল আউয়ালের ছেলে রাসেল (১৩)।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার দুপুরে পাঁচগাঁও গ্রামের ‘ইক্বরা মডেল হাফেজিয়া মাদ্রাসা’ থেকে রাব্বানী, তোফায়েল ও রাসেল নামের তিন শিক্ষার্থী একসঙ্গে বের হয়, কিন্তু এরপর তারা আর বাড়িতে ফিরে যায়নি। এর আগে শনিবার নালিতাবাড়ী শহরের আড়াইআনী বাজার এলাকার ‘তাহফিজুল কোরআন মডেল মাদ্রাসা’ থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় খন্দকার মাশরাফি। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান পাননি।
এ বিষয়ে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আফসান আল আলম জানান, পাঁচ শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। নিখোঁজদের দ্রুত উদ্ধারে পুলিশের অনুসন্ধান কার্যক্রম অব্যাহত রয়েছে।
বাংলাফ্লো/এফআইআর












