জেলা প্রতিনিধি
গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় বেতন বৃদ্ধির দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন কয়েকটি শিল্প কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ বাধ্য হয়ে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শ্রমিকরা বিভিন্ন কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন এবং সকাল ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেন, যার ফলে সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পুলিশ জানায়, সকালে পল্লী বিদ্যুতের আশপাশে কয়েকটি শিল্প কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার ভেতর ও বাইরে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে তারা মহাসড়ক অবরোধ করে একটি নির্বাহী ম্যাজিস্ট্রেটের গাড়ি ভাঙচুর করেন। প্রায় দেড় ঘণ্টা আন্দোলনের পর পুলিশ তাদের নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করলে বেলা সাড়ে ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকালে কালিয়াকৈরের পল্লী বিদ্যুৎ এলাকায় ৬ থেকে ৭টি কারখানার শ্রমিক ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে নেমে আসায় কিছু সময় যান চলাচল বন্ধ ছিল। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা পালিয়ে যান এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তিনি আরও জানান, শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ও যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শিল্প পুলিশ ও জেলা পুলিশের পাশাপাশি বিজিবি ও আনসার সদস্যদের মোতায়েন করা হয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












