জাতীয় ডেস্ক
ঢাকা: সাভারের আশুলিয়ায় অর্ধশত পোশাক কারখানায় সাধারণ ছুটি ও বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। শনিবার (১৪ নভেম্বর) সকালে আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সকাল থেকে দুপুর পর্যন্ত শিল্পাঞ্চলে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
পুলিশ জানায়, সকালে শিল্পাঞ্চল আশুলিয়ায় কয়েকটি পোশাক কারখানায় শ্রমিকরা কাজে হাজিরা দেওয়ার পর কর্মবিরতি পালন করেন। এর পরিপ্রেক্ষিতে কারখানা কর্তৃপক্ষ সেগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে এবং এভাবে অন্তত ১০টি কারখানায় সাধারণ ছুটি দেওয়া হয়।
এছাড়াও অনির্দিষ্টকালের জন্য শিল্পাঞ্চল আশুলিয়ায় অন্তত ৪০টি পোশাক কারখানা বন্ধ রয়েছে বলে জানা গেছে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, আজ শিল্পাঞ্চলের পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। তবে সকালে ১০টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে এবং ৪০টি পোশাক কারখানা শ্রম আইনের ১৩(১) ধারায় বন্ধ রয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।
বাংলাফ্লো/এম এইচ এইচ












