বিনোদন ডেস্ক
ঢাকা: দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি হাসানের মুম্বাইয়ের বাড়িতে ঘটেছে এক অদ্ভুত ও রহস্যময় ঘটনা। তার বাড়িতে রাখা একটি প্লাস্টিকের ম্যানিকুইন বা মানবদেহাকৃতির পুতুল নাকি নিজে থেকেই জায়গা বদলাত! সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের জীবনের এমন অস্বস্তিকর ও ভৌতিক অভিজ্ঞতার কথা প্রকাশ্যে এনেছেন কমল হাসান কন্যা।
শ্রুতি জানান, তিনি কোনো কোনো স্থানের অস্বাভাবিক শক্তি বা পরিবেশ অনুভব করতে পারেন। চেন্নাইয়ের বাড়িতে কখনো এমন কিছু মনে না হলেও মুম্বাইয়ের বাড়িতে মাঝেমধ্যেই এক ধরনের অস্বস্তিকর পরিবেশ টের পেতেন। তার সেই মুম্বাইয়ের বাড়িতে মানুষের সমান উচ্চতার একটি ম্যানিকুইন ছিল, যার নাম তিনি শখ করে দিয়েছিলেন ‘ফিওনা’।
আলমারিতে জায়গা না থাকায় একটি অতিরিক্ত পোশাক ওই ম্যানিকুইনটির গায়ে পরিয়ে রেখেছিলেন অভিনেত্রী। এমনকি বন্ধুরা বাড়িতে এলে মজা করে ফিওনার সঙ্গে কথাও বলতেন তারা। কিন্তু কিছুদিন পর থেকেই বাড়িতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে এবং শ্রুতির দাবি অনুযায়ী ম্যানিকুইনটি নিজে থেকেই জায়গা পরিবর্তন করতে থাকে।
বিষয়টি তার কাছে ক্রমেই ভীতিকর ও অস্বস্তিকর হয়ে উঠলে আর কোনো ঝুঁকি নিতে চাননি শ্রুতি। শেষ পর্যন্ত ম্যানিকুইনটি খুলে একেবারে ফেলে দেন তিনি। বাড়ির পরিবেশ স্বাভাবিক ও শান্ত করতে এরপর নিয়মিত হনুমান চালিসা শুনতেন এবং হাতে লবণ নিয়ে কিছু ধর্মীয় আচারও পালন করেন। একপর্যায়ে পুরো বাড়িটি কার্যত বন্ধ করে দেন বলে জানান অভিনেত্রী।
একই সাক্ষাৎকারে নিজের ধর্মবিশ্বাস নিয়েও খোলামেলা কথা বলেন শ্রুতি হাসান। তিনি জানান, পরিবারের সদস্যদের মধ্যে তিনিই একমাত্র ধর্মবিশ্বাসী। ছোটবেলায় এমন পরিবেশে বড় হয়েছেন যেখানে ধর্মীয় আচার বা ঈশ্বরের উপাসনার তেমন চল ছিল না, তাই বাবা কমল হাসানসহ পরিবারের অন্যদের সঙ্গে তার বিশ্বাসের পার্থক্য রয়েছে।
বাংলাফ্লো/এম এইচ এইচ












