আন্তর্জাতিক ডেস্ক
ঢাকা: যুদ্ধবিরতি কার্যকর থাকলেও গাজায় হামাসের শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে সামরিক হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এরই ধারাবাহিকতায় সংগঠনটির রাফাহ ব্রিগেডের কমান্ডার সামির আবু ইউনিস ওরফে ‘আবু মাহমুদ’ নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হামাস। ২০২৬ সালের সেপ্টেম্বরে নিহত নাইল আবু ওবেইদ ওরফে ‘আবু আতিয়া’র স্থলাভিষিক্ত হয়েছিলেন সামির আবু ইউনিস।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি বাহিনী গাজার নাসের মেডিকেল কমপ্লেক্সে ভয়াবহ হামলা চালায়। ইসরায়েলের দাবি, তারা সেখানে হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডার মুহাম্মদ আবু ইসমাইল এবং হাসপাতালে আশ্রয় নেওয়া কয়েকজন যোদ্ধাকে লক্ষ্যবস্তু করেছিল। তবে এ হামলায় একজন শল্যচিকিৎসক ও এক শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন।
হামাস হাসপাতালের ওপর এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে স্পষ্ট ‘যুদ্ধাপরাধ’ হিসেবে অভিহিত করেছে। সংগঠনটি বলেছে, হামাস সদস্যদের লক্ষ্যবস্তু করার বিষয়ে ইসরায়েলের দাবিগুলো আন্তর্জাতিক আইন অনুযায়ী সুরক্ষিত একটি বেসামরিক চিকিৎসাকেন্দ্রে নতুন করে সংঘটিত যুদ্ধাপরাধ আড়াল করার নির্লজ্জ চেষ্টা ছাড়া আর কিছুই নয়।
এর আগে দেওয়া এক বিবৃতিতে হামাস দখলদার বাহিনীর চলমান লঙ্ঘন বন্ধ করতে এবং যুদ্ধবিরতি মেনে চলা নিশ্চিত করতে মধ্যস্থতাকারী ও মার্কিন প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছিল। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্যমতে, তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৬০০ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












