বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সাহসী ভূমিকার রাষ্ট্রীয় স্বীকৃতি দাবি করেছেন বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের সভাপতি মাওলানা জামিল সিদ্দিকী। শনিবার রাজধানীর শেরেবাংলা নগরে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ‘জুলাই জাতীয় সম্মেলন-২০২৬’-এ প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে তিনি এ দাবি জানান। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করে ‘জুলাই ২৪ শহীদ পরিবার সোসাইটি’ এবং ‘আমরা জুলাই যোদ্ধা’।
মাওলানা জামিল সিদ্দিকী তার বক্তব্যে বলেন, ২০২৪ সালের জুলাইয়ের মাঝামাঝি সময়ে কওমি মাদ্রাসার ছাত্ররা সরাসরি এই অভ্যুত্থানে সম্পৃক্ত হন। উত্তাল সেই সময়ে বিপদগ্রস্ত অনেক আন্দোলনকারী বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় আশ্রয় নিয়েছিলেন। বিশেষ করে রাজধানীর যাত্রাবাড়ী পয়েন্টে আন্দোলনে অংশ নিয়ে যাত্রাবাড়ী মাদ্রাসার অনেক ছাত্র আহত হন বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, ‘তরুণ আলেম প্রজন্ম’ গত ২০২৪ সালের সেপ্টেম্বরে শহীদদের যে তালিকা প্রকাশ করেছিল, সেখানে অন্তত ৭৯ জন মাদ্রাসার ছাত্রের নাম উঠে এসেছে।
প্রধানমন্ত্রীর কাছে জুলাই অভ্যুত্থানে কওমি ছাত্রদের এসব অবদানের কথা তুলে ধরে বাংলাদেশ কওমি ছাত্র ফোরামের সভাপতি বলেন, “এই সম্মেলন থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাব যে, এই বৈষম্যহীন বাংলাদেশে কওমি ছাত্রদেরকেও গুরুত্ব দেওয়া হোক এবং তাদের যে ভূমিকা ছিল, সেটার রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হোক। আর প্রত্যেকটা জায়গায় তাদেরকে সমানভাবে মূল্যায়ন করা হোক।”
উক্ত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়াও বক্তব্য দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
বাংলাফ্লো/এফআইআর






