বাংলাফ্লো প্রতিবেদক
ঢাকা: বেগম খালেদা জিয়ার আপসহীন নেতৃত্বের ধারাবাহিকতায় আজ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমানুল্লাহ আমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, দেশের এই ঐতিহাসিক অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পরাজিত ও ফ্যাসিবাদী শক্তি গোপনে নানা চক্রান্তে লিপ্ত রয়েছে; তবে সকল ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য বজায় রাখতে হবে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ৯০-এর স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ নাজির উদ্দিন জেহাদ স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত স্মরণসভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডাকসুর সাবেক এই ভিপি বলেন, দেশ ও জাতির প্রতিটি ক্রান্তিলগ্নে জিয়া পরিবারই রাজপথে নেমে নেতৃত্ব দিয়েছে। বহু নির্যাতন, গুম ও প্রতিকূলতার মধ্যেও তারেক রহমান জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করে আন্দোলনকে এক দফায় রূপ দিয়ে ফ্যাসিস্টদের পতন নিশ্চিত করেছেন।
দেশের বর্তমান প্রেক্ষাপট তুলে ধরে আমানুল্লাহ আমান বলেন, জনগণের ভোটাধিকার ও আস্থার ওপর দাঁড়িয়ে আজ দেশ পরিচালিত হচ্ছে। ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য সুযোগ-সুবিধাসহ সরকারের গৃহীত গণমুখী উদ্যোগগুলো আন্তর্জাতিক মহলেও প্রশংসিত হচ্ছে। এ দেশে অসাংবিধানিক পথে বা চক্রান্ত করে ক্ষমতায় আসার আর কোনো সুযোগ নেই উল্লেখ করে তিনি দলের সর্বস্তরের নেতাকর্মীদের সুসংগঠিত থেকে অগ্রযাত্রা অব্যাহত রাখার আহ্বান জানান।
বাংলাফ্লো/এম এইচ এইচ












