শিক্ষা ডেস্ক
ঢাকা: এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আদেশ দ্রুত জারির দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশনে বসেছেন নারী শিক্ষকরা। বুধবার (২৫ নভেম্বর) বেলা ১১টায় ‘সাধারণ বদলি প্রত্যাশী নারী শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে এই কর্মসূচি শুরু হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদন প্রক্রিয়া শেষ হয়, যেখানে সাড়ে ১৩ হাজারের বেশি শিক্ষক আবেদন করেন। বদলির ফল প্রকাশের জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সব আনুষ্ঠানিক প্রস্তুতি সম্পন্ন করলেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন না মেলায় তা আটকে রয়েছে।
আবেদন শেষ হওয়ার দুই মাসের বেশি সময় পেরিয়ে গেলেও ফল প্রকাশ না হওয়ায় চরম হতাশায় ভুগছেন শিক্ষকরা। তাদের অভিযোগ, বদলি নীতিমালা সংশোধনের নামে অযথা কালক্ষেপণ করা হচ্ছে এবং এর ফলেই তারা রাজপথের কর্মসূচিতে নামতে বাধ্য হয়েছেন।
অনশনরত নারী শিক্ষকরা নিজ জেলায় বা বাড়ির কাছাকাছি কর্মস্থলে বদলির দাবি জানিয়ে বলেন, দূরবর্তী জেলায় চাকরি করার কারণে তাদের পারিবারিক জীবনে অশান্তি ও কলহ তৈরি হচ্ছে। সন্তান ও পরিবারের কাছে ফেরার তাগিদে বদলির চূড়ান্ত আদেশ জারি না হওয়া পর্যন্ত তারা আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
বাংলাফ্লো/এম এইচ এইচ












