বাংলাফ্লো প্রতিনিধি
ঢাকা: বাউল সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলার ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে, দুর্নীতি দমনে কার্যকর পদক্ষেপ এবং সারাদেশে বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ নিশ্চিত করতে নতুন কর্তৃপক্ষ গঠনের পরিকল্পনা নিয়েও তিনি নির্দেশনা দিয়েছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।
প্রেস সচিব বলেন, “যারা বাউলদের আক্রমণ করেছে, তাদের খুব দ্রুত অ্যারেস্ট করার নির্দেশ দেওয়া হয়েছে। সে অনুযায়ী মানিকগঞ্জের পুলিশ কাজ করছে। অন্যান্য জায়গায় যেখানেই আক্রমণ হয়েছে সেখানে সাঁড়াশি অভিযান চলছে।” তিনি আশা প্রকাশ করেন, খুব দ্রুতই এর ফলাফল জানা যাবে।
শফিকুল আলম জানান, উপদেষ্টা পরিষদ দুর্নীতি দমন কমিশনের ওপর একটি কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে ‘দুর্নীতি দমন আইন সংশোধন অধ্যাদেশ ২০২৫’ নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। তিনি বলেন, শেখ হাসিনার আমলে যেভাবে দুর্নীতি বিস্তার লাভ করেছিল, তা রোধ করতেই এই উদ্যোগ।
নতুন অধ্যাদেশে ৫ জন কমিশনার রাখার কথা বলা হয়েছে, যার মধ্যে অন্তত দু-একজন আইটি ব্যাকগ্রাউন্ডের এবং একজন নারী কমিশনার থাকবেন। এ ছাড়াও, দুর্নীতি দমন কমিশনের কাজের প্রতিবেদন প্রতি ছয় মাসে অনলাইনে প্রকাশ করা হবে এবং কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে হবে।
প্রধান উপদেষ্টা সারাদেশে ভবন নির্মাণে ‘বিল্ডিং কোড’ মানা হচ্ছে কি না, তা তদারকির জন্য একটি আলাদা কর্তৃপক্ষ গঠন করা যায় কি না, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। প্রেস সচিব বলেন, “সিলেটের প্রবাসীরা প্রত্যন্ত গ্রামে বড় বড় কন্সট্রাকশন করে রেখেছেন… প্রত্যেকটি বাড়ির ক্ষেত্রেই যেন আমরা নিয়ম মেনে চলি সেই বিষয়ে আজ প্রধান উপদেষ্টা নির্দেশ দিয়েছেন।”
বাংলাফ্লো/এফআইআর






