স্পোর্টস ডেস্ক
ঢাকা: ভারতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে বিসিবির অনড় অবস্থানের জেরে এবার কঠোর বার্তা দিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। বিশ্বখ্যাত সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে, বাংলাদেশ যদি শেষ পর্যন্ত ভারতে দল না পাঠায়, তবে তাদের পরিবর্তে বিশ্বকাপে খেলার সুযোগ দেওয়া হবে স্কটল্যান্ডকে।
আইসিসির নিয়ম অনুযায়ী, র্যাংকিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশের বিকল্প হিসেবে স্কটল্যান্ডকে তালিকায় রেখেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। ক্রিকইনফোর পর এএফপির এই প্রতিবেদনে নিশ্চিত হওয়া গেছে যে, আইসিসি ভেন্যু বা সূচি পরিবর্তনের কোনো পরিকল্পনা করছে না।
মূলত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) নিরাপত্তার অজুহাতে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দেওয়ায় ক্ষুব্ধ বিসিবি। বোর্ডের প্রশ্ন—যেখানে একজন খেলোয়াড়কে নিরাপত্তা দেওয়া সম্ভব হচ্ছে না, সেখানে পুরো একটি জাতীয় দলের নিরাপত্তা ভারত কীভাবে নিশ্চিত করবে?
এদিকে, ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে বিসিবি আয়ারল্যান্ডের সঙ্গে গ্রুপ অদলবদল করে শ্রীলঙ্কায় খেলার প্রস্তাব দিলেও তা নাকচ করে দিয়েছে আইসিসি। সংস্থাটি বাংলাদেশকে আশ্বস্ত করার চেষ্টা করছে যে, ভারতে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই এবং নির্ধারিত ‘গ্রুপ সি’-তেই তাদের খেলতে হবে।
বাংলাফ্লো/এফআইআর






