স্পোর্টস ডেস্ক
ঢাকা: পাঁচ দিন ধরে পল্টনের শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের বাতাসে মিশে ছিল বলের শব্দ, দৌড়ের ছন্দ আর তরুণদের স্বপ্ন। তবে ছয় দেশের কিশোর ও তরুণ হ্যান্ডবলারের লড়াই শেষে রোববার (১৪ জুন) পর্দা নামল বয়সভিত্তিক পুরুষ আইএইচএফ ট্রফির। আন্তর্জাতিক হ্যান্ডবল ফেডারেশনের এই আসরে অনূর্ধ্ব-১৮ ও অনূর্ধ্ব-২০—উভয় বিভাগেই রানার্সআপ হয়ে দুটি রুপার পদক জিতেছে স্বাগতিক বাংলাদেশ। আর দুই বিভাগেই চ্যাম্পিয়নের মুকুট ছিনিয়ে নিয়েছে ভারত।
প্রতিযোগিতায় বাংলাদেশ ও ভারত ছাড়াও অংশ নেয় নেপাল, ইয়েমেন, মালদ্বীপ ও আফগানিস্তান। অনূর্ধ্ব-২০ বিভাগের ফাইনালে ভারতের কাছে ৪৮-২৭ গোলের বড় ব্যবধানে হেরে যায় স্বাগতিকরা। অন্যদিকে অনূর্ধ্ব-১৮ বিভাগে শেষ ম্যাচে বাংলাদেশের ছেলেরা নিজেদের সামর্থ্যের ছাপ রেখেছে। আফগানিস্তানকে ৪৭-২৩ গোলে হারিয়ে তারা আসর শেষ করে। তবে মালদ্বীপকে ৪৯-২২ গোলে হারিয়ে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে এই বিভাগেও চ্যাম্পিয়ন হয় ভারত। ফলে দুই বিভাগেই রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশকে।
রোববার টুর্নামেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম। সমাপনী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সভাপতি মেজর জেনারেল আবু মোহাম্মদ সারওয়ার ফরিদসহ অন্যান্য কর্মকর্তারা। এর মধ্য দিয়ে শেষ হলো আন্তর্জাতিক হ্যান্ডবলের এই জমজমাট আসর।
বাংলাফ্লো/এফআইআর






